ভারতের বাজারে সরবরাহ সংকটের জের ধরে পেঁয়াজের ন্যূনতম রফতানি মূল্য (এমইপি) বাড়িয়েছে দেশটির সরকার। ফলে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য ভারত থেকে বাড়তি মূল্যে পেঁয়াজ আমদানি করছেন দেশীয় আমদানিকারকরা। স্বাভাবিকভাবেই দেশের বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে আমদানি করা পেঁয়াজ। তবে দাম বেশি হওয়ায় পণ্যটির চাহিদা কমেছে।
একই সঙ্গে দেশে উৎপাদিত নতুন মৌসুমের পেঁয়াজ সরবরাহ শুরু হয়েছে। দাম তুলনামূলক কম ও মান ভালো হওয়ায় পণ্যটির চাহিদাও বেশি রয়েছে। সবমিলে আমদানি করা পেঁয়াজের বাজারে মন্দাভাব চলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর জের ধরে গতকাল দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম মানভেদে দুই দিনের ব্যবধানে কেজিপ্রতি সর্বোচ্চ ২০ টাকা কমেছে।
হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সবচেয়ে বেশি পেঁয়াজ আমদানি হয়। বর্তমানে এ স্থলবন্দর দিয়ে ভারতের ইন্দোর ও নাসিক থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে। গতকাল স্থানীয় বাজার ঘুরে ভারত থেকে আমদানি করা প্রতি কেজি পেঁয়াজ পাইকারি পর্যায়ে (ট্রাকসেল) মানভেদে ৫৪-৬০ টাকায় বিক্রি হতে দেখা যায়।
দুদিন আগেও এসব পেঁয়াজ মানভেদে কেজিপ্রতি ৭০-৭৪ টাকায় বিক্রি হয়েছিল। সে হিসাবে, দুদিনের ব্যবধানে পণ্যটির দাম কমেছে কেজিতে সর্বোচ্চ ২০ টাকা। অন্যদিকে স্থানীয় খুচরা বাজারে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ কেজিপ্রতি ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে দেশে উৎপাদিত পেঁয়াজের দাম তুলনামূলক কম রয়েছে। পণ্যটি কেজিপ্রতি ৪০ টাকায় বিক্রি হতে দেখা যায়। ফলে ক্রেতারা আমদানি করা পেঁয়াজের বদলে দেশে উৎপাদিত পেঁয়াজের প্রতি ঝুঁকছেন। এ কারণে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের চাহিদা কমে দাম নিম্নমুখী হয়েছে।
হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি মো. হারুন উর রশীদ হারুন জানান, পেঁয়াজের বাজারে শনিবার থেকে ভারত সরকারের বেঁধে দেয়া ৮৫০ ডলার এমইপি কার্যকর হয়েছে। এর পর থেকে দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও দাম সাধারণ মানুষের হাতের নাগালে রাখতে বাড়তি দামে পেঁয়াজ আমদানি করছেন দেশীয় আমদানিকারক ও ব্যবসায়ীরা। বর্তমানে টনপ্রতি ২ ডলার পরিবহন ব্যয় ধরে পণ্যটির আমদানি খরচ ৮৫২ ডলার পড়ছে। আগে এর পরিমাণ ছিল ৪০০-৫০০ ডলারের মধ্যে। অর্থাত্ ভারত সরকারের আকস্মিক সিদ্ধান্তে পেঁয়াজের এমইপি প্রায় দ্বিগুণ হয়েছে। পণ্যটির আমদানির ক্ষেত্রে পুরনো লেটার অব ক্রেডিটগুলো (এলসি) অকার্যকর হয়ে গেছে। এখন নতুন দামের আওতায় এসব এলসি পরিবর্তন করে নেয়া হচ্ছে। এর প্রভাবে দেশের বাজারেও আমদানি করা পেঁয়াজের দাম বেড়ে যায়। গতকাল দেশে উৎপাদিত পেঁয়াজের সরবরাহ বৃদ্ধিতে এ অবস্থার পরিবর্তন ঘটেছে।
মো. হারুন উর রশীদ হারুন বলেন, একদিকে বাড়তি দামের কারণে ক্রেতাদের মধ্যে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের চাহিদা কমেছে। অন্যদিকে দেশে উৎপাদিত পেঁয়াজের সরবরাহ বেড়েছে। পণ্যটির দামও তুলনামূলক কম। ফলে ক্রেতারা এ পেঁয়াজ বেশি কিনছেন। এর প্রভাবে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম পড়ে গেছে। আগামী দিনগুলোয় দেশে উৎপাদিত পেঁয়াজের সরবরাহ আরো বাড়লে পণ্যটির বাজারে স্বস্তি ফিরতে পারে বলে মনে করছেন তিনি।
এদিকে ভারতের বাজারে বাড়তি দাম থাকা সত্ত্ব্বেও চলতি মাসের প্রথম ২৬ দিনে (১-২৬ নভেম্বর) দেশটি থেকে পেঁয়াজ আমদানি আগের মাসের তুলনায় বেড়েছে। হিলি স্থলবন্দর কার্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ১-২৬ নভেম্বর সময়কালে ভারত থেকে এ স্থলবন্দর দিয়ে ৫৮৪টি ট্রাকে মোট ১১ হাজার ৭২৮ টন পেঁয়াজ আমদানি হয়েছে।
গত অক্টোবরে ৫৮৬টি ট্রাকে মোট ১১ হাজার ২৫২ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। সে হিসাবে চলতি মাসের প্রথম ২৬ দিনে ভারত থেকে আগের মাসের তুলনায় অতিরিক্ত ৪৭৬ টন পেঁয়াজ আমদানি হয়েছে। এর মধ্যে ১৮ নভেম্বর ২৫টি ট্রাকে ৫০০ টন, ১৯ নভেম্বর ৩১টি ট্রাকে ৬২০ টন, ২০ নভেম্বর ১৪টি ট্রাকে ২৮০ টন, ২১ তারিখে ২১টি ট্রাকে ৪২২ টন, ২২ নভেম্বর ১৭টি ট্রাকে ৩৪৩ টন, ২৩ নভেম্বর ১৪টি ট্রাকে ২৯৩ টন, ২৫ নভেম্বর ১১টি ট্রাকে ২২২ টন ও ২৬ নভেম্বর ১৮টি ট্রাকে ৩৬১ টন পেঁয়াজ আমদানি হয়েছে। মাসের বাকি কয়েক দিনে ভারত থেকে পেঁয়াজ আমদানি একই পরিমাণে অব্যাহত থাকলে গত মাসের তুলনায় ব্যবধান আরো বাড়বে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
আরও পড়ুন; হিলিতে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী
পাইকারিতে আরেক দফা বেড়েছে পেঁয়াজের দাম
দাম নিয়ন্ত্রণের মাধ্যমে পেঁয়াজ আমদানি বাড়াচ্ছে ভারত
ভোমরা স্থলবন্দরেও কমেছে পেঁয়াজ আমদানি
হিলিতে পেঁয়াজ আমদানি অর্ধেকে নেমেছে
