নিহত দুজন হলেন ফারুক বয়াতি (৩৫) ও আলমগীর হাওলাদার (২৮)। ফারুক বয়াতি ট্রাকের চালক ছিলেন। বাড়ি বরগুনার আমতলী উপজেলার খৈলান গ্রামে। ফারুক বয়াতির সহকারী আলমগীর হাওলাদার। বাড়ি একই উপজেলার পূর্বাচলা গ্রামে।
আহত আপানুর ব্যাপারী (২৭) ট্রাকে পণ্য তোলা ও নামানোর শ্রমিক হিসেবে কাজ করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে পটুয়াখালী ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তি জানান, গতকাল সোমবার রাত আটটার দিকে যশোর থেকে বিভিন্ন ধরনের সবজি নিয়ে ট্রাকটি বরগুনার আমতলীর দিকে রওনা দেয়। ভোরে ট্রাকটি পটুয়াখালীর সদর উপজেলার বসাকবাজার এলাকায় মোড় পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই চালক ও তাঁর সহকারী মারা যান।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানায়, আহত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি ঘটনাস্থল থেকে সরানোর কাজ চলছে।
