নেপালের সাবেক ক্ষমতাসীন দুই বামপন্থী দল কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউএমএল) ও মাওবাদীদের ঐক্যবদ্ধ শক্তির সঙ্গে লড়ছে নেপালি কংগ্রেসের নেতৃত্বাধীন গণতান্ত্রিক জোট। দ্বিতীয় দফার নির্বাচন ৭ ডিসেম্বর। তারপরই ভোট গণনা ও ফল প্রকাশ।
ইতিমধ্যে আঞ্চলিক ভোটকেন্দ্র থেকে প্রায় সব জেলা সদরে ভোট বাক্সগুলো পৌঁছানো হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সর্বদলীয়, পুলিশ ও সেনাবাহিনীর নজরদারির মধ্যে সেগুলো সুরক্ষিত থাকবে বলা সরকারিভাবে জানানো হয়েছে।
নতুন সংবিধানের অধীনে এবার হাউস অব রিপ্রেজেনটেটিভ বা জাতীয় প্রতিনিধি সভা এবং প্রাদেশিক অ্যাসেম্বলি নির্বাচন একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচন নেপালের গণতান্ত্রিক স্থিতিশীলতা আর অর্থনৈতিক উন্নতির সোপান বলে মনে করছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে। দেশে ফিরছে স্বস্তি।
সেই স্বস্তিই দেখা গেল রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৭৪ কিলোমিটার দূরের দুর্গম পাহাড়ি এলাকা নুয়াকোটের তিন পিপলা থানার উখারপাওয়া গ্রামে। পাহাড়ের ওপরে শ্রী ভবানী বিদ্যালয় ঘিরে উৎসব চলছে। দোকান বসেছে, রঙিন কাগজের মালা গাছ থেকে গাছে ঝোলানো। বৃদ্ধ কৃষক টেক বাহাদুর বালামি হাত দিয়ে একটা প্রতীক আঁকলেন। বোঝা গেল, ওই প্রতীকে ভোট দিয়েছেন।
নেপালের নির্বাচন কমিশন কঠোরভাবে নিয়ম বেঁধে দিয়েছে, নির্বাচনের আগের ৪৮ ঘণ্টা থেকে শুরু করে প্রথম পর্বের ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত রাজনৈতিক আলাপ নিষিদ্ধ। রাজনীতিবিদ ও সাংবাদিকেরা শুধু নন, সাধারণ মানুষও এটা মেনে চলছেন।
গ্রাম এলাকার ভোটারদের অধিকাংশের চাওয়া হলো উন্নয়ন। শহুরে এলাকার বাসিন্দা সিন্দুপাল চৌকের প্রধান চাওয়া সরকার যাতে অন্তত পাঁচ বছর দেশ চালাতে পারে। ইংরেজি দৈনিক কাঠমান্ডু পোস্ট-এর বাণিজ্য বিভাগের সহকারী সম্পাদক রূপক ডি শর্মার মতে, সরকার পাঁচ বছর মেয়াদ পূর্ণ করলে স্থিতিশীলতা আসবে, উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে, আর তা হলে দক্ষিণ এশিয়ার দরিদ্রতম দেশ নেপালের অর্থনীতির চাকা ঘুরবে।
নতুন যাত্রায় ষড়যন্ত্র ও গুজবের আবহ বিরাজ করতে দেখা যায় সাংবাদিক ও রাজনৈতিক মহলে। গত শুক্রবার পর্যন্ত ৩০টি বোমা নিষ্ক্রিয় করার কথা বলেছে পুলিশ।
নেপালি ভাষার টেলিভিশনে বিভিন্ন প্রার্থীর বিজয় দাবি করা বক্তব্য আসতে থাকলেও নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী কংগ্রেস দলের শের বাহাদুর দেউবা, বিরোধী বাম জোটের দুই নেতা এবং সাবেক দুই প্রধানমন্ত্রী কে পি অলি এবং পুষ্প কমল দহল প্রচণ্ড জয়-পরাজয় নিয়ে নিশ্চিতভাবে কিছু বলেননি।
নেপালের এই চাওয়াই ফুটে উঠেছে রাজপ্রাসাদের কাছের অভিজাত উদ্যান কায়সার লাইব্রেরির দেয়ালে। সেখানে ২০১৫ সালের ভূমিকম্পের ফাটলের সঙ্গে মিলিয়ে এক গ্রাফিতিতে (দেয়ালচিত্র) লেখা হয়েছে, ‘লেটস স্টার্ট কনস্ট্রাক্ট’ (চলো নির্মাণ শুরু করি)।
আরও পড়ুন;
নেপালে ঐতিহাসিক নির্বাচনে ভোট গ্রহণ শুরু
নেপালে যাত্রীবাহী বাস নদীতে পড়ে নিহত ৩১
