মার্কিন প্রেসিডেন্টের মেয়ে এবং হোয়াইট হাউসের উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প, ভারতের হায়দ্রাবাদে একটি আন্তর্জাতিক শিল্পোদ্যোগী সম্মেলনের উদ্বোধন করেছেন, কিন্তু সেখানে তাকে তাড়া করেছে এক অন্য ধরনের বিতর্ক।
ইভাঙ্কা ট্রাম্প যেসব দামী পোশাক পরেন এবং যে ফ্যাশন সংস্থার পোশাক ব্যবহার করেন, সেই সব দামী পোশাকের অনেকটাই ভারতে তৈরি বলে ধারণা করা হয় – কিন্তু সেই সব পোশাকের কারখানায় শ্রমিকদের অধিকার কতটা সুরক্ষিত তা নিয়ে ইভাঙ্কা ট্রাম্প ব্র্যান্ড বা হোয়াইট হাউস কোনও জবাব দিতে অস্বীকার করেছে।
দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকা জানাচ্ছে, বিশ্বের প্রায় পঁচিশটি শ্রম-অধিকার সংগঠন তাদের কাছে এই সফরের প্রাক্কালে চিঠি লিখেও কোনও জবাব পায়নি, অন্য দিকে ট্রেড ইউনিয়নগুলির অভিযোগ ভারতে পোশাক শ্রমিকদের শোষণ চলছে বিরামহীনভাবে।
হায়দ্রাবাদে আজ মঙ্গলবার গ্লোবাল অন্ট্রেপ্রোনিওরশিপ সামিটে তার ভাষণে ইভাঙ্কা ট্রাম্প নানাভাবে বলার চেষ্টা করেছেন শিল্পোদ্যোগী হিসেবে নারীরা কতটা সম্ভাবনাময়।
প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদিকে তিনি মনে করিয়ে দিয়েছেন, ভারতে শ্রমশক্তিতে লিঙ্গ বৈষম্য যদি অর্ধেকও কমানো যায়, তাহলে তিন বছরের মধ্যে দেশের অর্থনীতিতে দেড়শো কোটি ডলার প্রবৃদ্ধি হবে।
কিন্তু সমালোচকরা প্রশ্ন তুলছেন, ইভাঙ্কা নিজে যেসব ফ্যাশন সামগ্রী ব্যবহার করেন, সেগুলো তৈরি করে যেসব কোম্পানি সেখানে নারী শ্রমিকদের অধিকার কতটুকু?
আরও পড়ুন;
কতটা সফল ট্রাম্পের এশিয়া সফর?
ট্রাম্পের জন্য গান গাইলেন দুতার্তে
