কাতারি সাইট হ্যাক করিনি: সংযুক্ত আরব অমিরাত




কাতারের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার ওয়েবসাইট হ্যাকিংয়ে জড়িত থাকার কথা জোরালোভাবে অস্বীকার করেছে সংযুক্ত আরব অমিরাত। এই হ্যাকিংয়ের ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক টানাপোড়নের সৃষ্টি করে।
এর আগে কাতারের আমিরকে উদ্ধৃত করে ওই সংবাদ সংস্খা বিভিন্ন উত্তেজক কথাবার্তা পোস্ট করেছিল – কিন্তু পরে আমির দাবি করেন তার মুখে বসানো কথাগুলো সবই সাজানো। সম্প্রতি মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে ওই পোস্টিংয়ের পেছনে সংযুক্ত আরব আমিরাতের হাত ছিল।
তবে আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনওয়ার গারগাশ জানিয়েছেন, ওয়াশিংটন পোস্টের ওই রিপোর্ট মোটেই ‘সত্যি নয়’। এমন কী কাতারের কাছ থেকে যাতে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব কেড়ে নেওয়া হয়, সেই দাবি জানিয়ে আমিরাত ও আরও পাঁচটি আরব দেশ ফিফার কাছে কোনও চিঠি লেখেনি বলেও তিনি জানান।
ওয়াশিংটন পোস্টের রিপোর্টে অজ্ঞাতনামা মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, সদ্য পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে গত ২৩ মে আমিরাত সরকারের সিনিয়র সদস্যরা কাতারের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার সাইটগুলো হ্যাক করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলেন।
পরে ওই সাইটে কাতারের আমিরকে উদ্ধৃত করে ইরানে প্রতি আমেরিকার ‘শত্রুভাবাপন্ন মনোভাবে’র সমালোচনা করা হয় এবং হামাস-কেও ফিলিস্তিনি জনতার বৈধ প্রতিনিধি বলে বর্ণনা করা হয়। কাতারি কর্মকর্তারা তখনই দাবি করেন তাদের সাইট হ্যাক করা হয়েছে এবং ওই সব মন্তব্যের কোনও ভিত্তি নেই। তবে ততক্ষণে ওই সব কথাবার্তা নিয়ে মধ্যপ্রাচ্যে তুলকালাম শুরু হয়ে গেছে। সংযুক্ত আর আমিরাত, সৌদি আরব, বাহরাইন ও মিশর সঙ্গে সঙ্গে কাতারের মিডিয়াকে ব্লক করে তাদের প্রতিক্রিয়া জানায়। দুসপ্তাহ পর এই চারটি দেশ জঙ্গিবাদের প্রতি কাতারের কথিত সমর্থন ও ইরানের সঙ্গে তাদের সম্পর্কের প্রতিবাদে কাতারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়।
তবে ওয়াশিংটন পোস্টে দেয়া গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, আমিরাত কর্তৃপক্ষ নিজেরাই কাতারি সাইট হ্যাক করেছিল না কি কোনও তৃতীয় পক্ষকে পয়সা দিয়ে সে কাজ করিয়েছিল – তা এখনও স্পষ্ট নয়। অবশ্য গতমাসে অন্য একটি পত্রিকা মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছিল এই হ্যাকিংয়ের পিছনে রাশিয়ার ফ্রিল্যান্সার হ্যাকারদের হাত রয়েছে।