আজ বাংলাদেশে রোহিঙ্গা উদ্বাস্তু সংকটের প্রেক্ষাপটে সম্প্রীতি ও শান্তির বার্তা নিয়ে তিন দিনের সফরে আসছেন পোপ ফ্রান্সিস।
মিয়ানমারে তিন দিনের সফর শেষ করে ইয়াঙ্গুন থেকে সরাসরি বৃহস্পতিবার বেলা তিনটায় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। প্রথা অনুযায়ী তিনি বাংলাদেশে অবস্থিত ভ্যাটিকান দূতাবাসে অবস্থান করবেন। মিয়ানমার ও বাংলাদেশের উদ্দেশে যাত্রার প্রাক্কালে
২৫ নভেম্বর এক টুইটার বার্তায় পোপ বলেছেন, ‘যেহেতু আমি মিয়ানমার এবং বাংলাদেশ সফরের প্রস্তুতি নিচ্ছি, আমি সকলকে শুভেচ্ছা ও বন্ধুত্বের বার্তা পৌঁছে দিতে চাই। তোমাদের সঙ্গে দেখা করতে আমি অধীর আগ্রহী।’ এর আগে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমি আসছি যিশুখ্রিষ্টের মঙ্গল সমাচারের সেবক হিসেবে; এই মঙ্গল সমাচারের পুনর্মিলন, ক্ষমা এবং শান্তির বার্তা ঘোষণা করতে।’
আজ বিকেল চারটায় জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনের মধ্য দিয়ে পোপ বাংলাদেশে তাঁর কর্মসূচি শুরু করবেন। এরপর পৌনে পাঁচটায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিগ্রন্থে স্বাক্ষর করবেন। বিকেল সাড়ে পাঁচটায় তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন। ছয়টায় বঙ্গভবনে রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সুশীল সমাজ ও কূটনৈতিক মহলের সঙ্গে সভা করবেন এবং বক্তব্য দেবেন।
দ্বিতীয় দিনে সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে খ্রিষ্টধর্মীয় উপাসনা ও যাজক অভিষেক অনুষ্ঠানে বক্তব্য দেবেন পোপ। ৩টা ২০ মিনিটে ভ্যাটিকান দূতাবাসে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। চারটায় ক্যাথিড্রাল পরিদর্শনের পর সোয়া ৪টায় রমনায় প্রবীণ যাজক ভবনে বাংলাদেশের বিশপদের সঙ্গে বিশেষ মিটিং সভা করবেন। সেখানে বক্তব্য দেওয়া শেষে বিকেল ৫টায় আর্চবিশপ হাউসের মাঠে আন্তধর্মীয় ও আন্তমান্ডলিক সমাবেশ বক্তব্য দেবেন তিনি।
তৃতীয় দিন শনিবার সকাল ১০টায় তেজগাঁওয়ে মাদার তেরেসা ভবন পরিদর্শন করবেন পোপ। পৌনে ১১টায় যাজক বর্গ, সন্ন্যাসব্রতী, উৎসর্গীকৃত নর-নারী, সেমিনারিয়ান ও নবিশদের সমাবেশে বক্তব্য দেবেন তিনি। দুপুর পৌনে ১২টায় তেজগাঁও কবরস্থান ও পুরাতন গির্জা পরিদর্শন করবেন। ৩টা ২০ মিনিটে নটর ডেম কলেজে যুব সমাবেশে বক্তব্য দেবেন। পৌনে ৫টায় তাঁকে বিমানবন্দরে আনুষ্ঠানিক বিদায় জানানো হবে এবং ৫টা ৫ মিনিটে রোমের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।
পোপ দুই পরিচয়ে এই সফর করবেন। প্রথমত মাত্র ৩১৯ একর আয়তনের ক্ষুদ্রতম রাষ্ট্র ভ্যাটিকানের রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে, জাতির জনকের জাদুঘরে ও রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রীও তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে পোপ অন্য কোনো রাজনৈতিক দলের নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন না।
পোপ তাঁর মিয়ানমার সফরকালে ‘রোহিঙ্গা’ শব্দ উচ্চারণ করেননি। এ বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে। এখন আশা করা হচ্ছে, পোপ তাঁর বাংলাদেশ সফরে রোহিঙ্গা শব্দ উচ্চারণ করবেন।
কাল শুক্রবার রমনা উদ্যানে অনুষ্ঠেয় আন্তধর্মীয় ও আন্তমান্ডলিক সমাবেশে ১৬ জন রোহিঙ্গার একটি প্রতিনিধিদল উপস্থিত থাকবে।
দ্বিতীয়ত, রোমান ক্যাথলিক গির্জার মহামহিম ও সর্বজনীন যাজক হিসেবেও তিনি এই সফরে আসছেন। ১৯৮৬ সালে দ্বিতীয় পোপ জন পলের সফরকালে আর্মি স্টেডিয়ামে প্রায় ৫০ হাজার ক্যাথলিক খ্রিষ্টানের সমাগম ঘটেছিল, এবারে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে ৮০ হাজার ক্যাথলিকের উপস্থিতির পরিকল্পনা করা হয়েছে। খ্রিষ্টান সম্প্রদায়সহ সব মানুষের কাছে তাঁর এই আগমন জনগণের আত্মার প্রতি একধরনের তীর্থযাত্রা বলেও গণ্য হবে। একজন আধ্যাত্মিক নেতা হিসেবে তিনি আসবেন। দেশের খ্রিষ্টান ধর্মগুরু, যুবক ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উদ্দেশে তিনি বক্তব্য দেবেন।
খ্রিষ্টানদের ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান কোনো ধর্মগুরুর বাংলাদেশে এটি তৃতীয় সফর। ১৯৭০ সালে পোপ ষষ্ঠ পল প্রথম বাংলাদেশ সফর করেছিলেন। ১৯৮৬ সালে পোপ দ্বিতীয় জন পল বাংলাদেশ সফরে এসে প্লেন থেকে বেরিয়ে বাংলাদেশের মাটি চুম্বন করেছিলেন। আর তিনি উক্তি করেছিলেন, ‘আমি বাংলাদেশের জনগণের আত্মার কাছে একজন তীর্থযাত্রী হিসেবে এসেছি।’
আরও পড়ুন; মিয়ানমারে ‘রোহিঙ্গা’ শব্দটি এড়ালেন পোপ
মিয়ানমারের পথে পোপ ফ্রান্সিস
পোপের বাংলাদেশ সফর; সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ
শান্তিতে নোবেল পেতে পারেন যারা
