এক আসর পর আবার বিপিএল মাতাতে আসছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। নতুন মালিকের অধীনে নতুনভাবে শুরু করতে চায় তারা। তাই নামেও আসতে পারে পরিবর্তন। সিলেট রয়ালসের পরিবর্তে তাদের নতুন নাম হতে পারে ‘সুরমা সিক্সেস’।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কিনেছেন এবারের সিলেটের মালিকানা। গত আসরে টুর্নামেন্ট জটিলতায় খেলা হয় নি সিলেটের। তবে এবার খেলবে তারা। দুই মাস আগে মালিকানা কিনার সময় সিলেট রয়্যালস নামে খেলার কথা দিলেও অর্থমন্ত্রীর ছেলের পছন্দ সুরমা সিক্সেস নামটি বলে জানিয়েছে সিলেট রয়্যালসের অফিসিয়াল ফেসবুক পেজ।
সিলেটের কোল ঘেঁষে বয়ে চলা সুরমা নদীর নামে নামাঙ্কিত হবে নতুন ফ্র্যাঞ্চাইজিটি। দুই একদিনের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে দলটির প্রধান সমন্বয়ক শফিউল আলম নাদেল।
আইকন খেলোয়াড় হিসেবে সিলেটের পছন্দ মাশরাফি অথবা সাব্বির। দেশি খেলোয়াড় অলোক কাপালী, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহী, আবুল হাসান রাজু, এনামুল হক জুনিয়রদের দলে ভিড়িয়েছে তারা। বিদেশী হিসেবে থাকছেন ডেভিড মালান, ক্রিস জর্দান, মোহাম্মদ সামির মত তারকা ক্রিকেটাররা।
এদিকে আর মাত্র দুমাস পরেই পর্দা উঠবে বিপিএল’র। এরই মধ্যে দলগুলো টুর্নামেন্টকে সামনে রেখে ঘর গুছিয়ে নিচ্ছে। প্রয়োজনীয় খেলোয়াড়দেরকে দলে ভিড়াতে খরচ করছে মূল্যবান টাকা।
ইতিমধ্যে ঢাকা ডায়নামাইটস তাদের নতুন আসরের জন্য লোগো পরিবর্তন করেছে। ঢাকার পাশাপাশি রাজশাহী কিংস, কুমিল্লা ভিক্টরিয়ান্স, খুলনা টাইটান্সও থেমে নেই। সেরা খেলোয়াড়দের নাম লিখাচ্ছে নিজেদের দলে।
