সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তার প্লাটফর্ম থেকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ও আল কায়েদা সম্পর্কিত ৯৯ শতাংশ কনটেন্ট অপসারণের দাবি করেছে।
গতকাল বুধবার ফেসবুকের পক্ষ থেকে এমন দাবি জানানো হয়।
এ বিষয়ে ফেসবুকের গ্লোবাল পলিসি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মনিকা বিকার্ট এবং কাউন্টার টেরোরিজম পলিসি বিভাগের প্রধান ব্রায়ান ফিশম্যান এক ব্লগ পোস্টে লিখেছেন, ফেসবুকের প্লাটফর্মে ‘সন্ত্রাসী কনটেন্ট’ পোস্ট করার মাত্র ১ ঘণ্টার মধ্যেই তা সরিয়ে ফেলা হয় এবং এ হার ৮৩ শতাংশ।
সন্ত্রাসী কনটেন্ট অপসারণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের তোপের মুখে রয়েছে প্রতিষ্ঠানটি। গত জুনে ফেসবুক সন্ত্রাসী কনটেন্ট শনাক্ত ও অপসারণে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারের কথা জানায়।
এছাড়া সন্ত্রাসী কনটেন্ট কিংবা ঘৃণাত্মক বক্তব্য নিয়ন্ত্রণ বিষয়ে ফেসবুকসহ অন্যান্য প্রযুক্তি জায়ান্টদের সঙ্গে আগামী সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আলোচনায় বসতে যাচ্ছে। এর কয়েক দিন আগে ফেসবুক সন্ত্রাসী কনটেন্ট অপসারণে তাদের সাফল্য তুলে ধরল।
গত সেপ্টেম্বরে ইইউ সন্ত্রাসী কনটেন্ট দ্রুত সরিয়ে ফেলতে সোস্যাল মিডিয়া জায়ান্টগুলোকে নির্দেশ দেয়। এ ধরনের কনটেন্ট শনাক্ত ও অপসারণে স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহারের দাবি জানায়। এ ধরনের কনটেন্ট অপসারণে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হলে আইন প্রণয়নের মাধ্যমে তা সরিয়ে ফেলতে বাধ্য করার হুমকিও দেয়া হয়।
ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে সন্ত্রাসী বা চরমপন্থী গোষ্ঠী তাদের মতাদর্শ প্রচার করে বলে অভিযোগ রয়েছে। ফলে এ ধরনের কনটেন্ট অপসারণ নিয়ে প্রযুক্তি জায়ান্টগুলো বিভিন্ন দেশের চাপের মুখে রয়েছে। বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২১০ কোটিতে পৌঁছেছে।
আরও পড়ুন; নগ্ন ছবি পাঠাতে বলবে ফেসবুক
২৭ কোটি ভুয়া অ্যাকাউন্ট রয়েছে ফেসবুকে
কিশোরদের কাছে জনপ্রিয়তা হারিয়েছে ফেসবুক
ফেসিয়াল রিকগনিশন ফিচার আনছে ফেসবুক
সাক্ষীর কাঠগড়ায় ফেসবুক গুগল টুইটার
