ভারতের অরুণাচল প্রদেশের সাগালি গ্রামের কস্তুরবা গাঁধী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নিয়ে কুরুচিকর মন্তব্য লিখেছিল এক ছাত্রী। সেই অপরাধে স্কুলের সব ছাত্রীদের সামনে নগ্ন করে শাস্তি দেওয়া হয় ৮৮ জন ছাত্রীকে।
শুধু জোর করে পোশাক খোলানোই নয়, ওই ছাত্রীদের উদ্দেশ্য করে ব্যবহার করা হয় কুরুচিকর শব্দও। জানা গেছে নিগৃহীত ওই ছাত্রীরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণির।
গত ২৩ নভেম্বর ছাত্রীদের মধ্যে কে বা কারা স্কুলের প্রধান শিক্ষক ও এক ছাত্রীর নাম করে কুরুচিকর কথা লিখেছিল। সেই কাগজটি কোনভাবে শিক্ষকদের হাতে পড়ে। কিন্তু কে এই কাজ করেছে তা জানাতে অস্বীকার করে ছাত্রীরা। তখনই বিদ্যালয়ের দু’জন অ্যাসিট্যান্ট শিক্ষক ও একজন জুনিয়র শিক্ষক ছাত্রীদের স্কুল ড্রেস খুলিয়ে শাস্তি দেন। সঙ্গে ছাত্রীদের উদ্দেশ্যে অপভাষাও প্রয়োগ করা হয়।
পরে গত ২৭ নভেম্বর এএসএসইউ-এর তরফে স্থানীয় থানায় ওই তিন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। স্থানীয় পুলিশ সুপার তুম্মে আমো জানান, মামলাটি ইটানগর মহিলা থানায় স্থানান্তরিত করা হয়েছে। ওই ছাত্রী ও তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলাও শুরু হয়েছে।
তবে স্কুলের তরফে এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে এই ধরনের ঘটনায় শিশু মনে খারাপ প্রভাব ফেলতে পারে উল্লেখ করে অত্যন্ত নিন্দা জানিয়েছে বেশ কিছু সরকারি ও বেসরকারি সংগঠন।
