দেশের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। আজ বৃহস্পতিবার রাজশাহীর বাগমারা, নেত্রকোনা, বগুড়ার শেরপুর, নোয়াখালী ও জয়পুরহাটে এসব দুর্ঘটনা ঘটে।
রাজশাহীর বাগমারায় বৃহস্পতিবার সকালে বাসের ধাক্কায় রতন হোসেন (২৮) নামের এক ভটভটিচালকের মৃত্যু হয়েছে। তিনি নওগাঁর রাণীনগর উপজেলার পূর্ব বালুপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রতন ভটভটি নিয়ে নওগাঁ থেকে বাগমারায় আসছিলেন। সকাল সাড়ে আটটার দিকে আত্রাই-ভবানীগঞ্জ সড়কের বলিদাপাড়া এলাকায় পৌঁছালে একই দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ভটভটিকে ধাক্কা দেয়। এতে ভটভটি থেকে চালক রতন হোসেন ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নেত্রকোনা-সিধলী সড়কে পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন বৃদ্ধা, অপরজন শ্রমিক। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নেত্রকোনা-সিধলী সড়কের হাতকুন্ডুলি এলাকায় একটি লরির নিচে চাপা পড়ে আনোয়ার হোসেন (২৩) নামের এক শ্রমিক ঘটনাস্থলে নিহত হন। তিনি হাতকুন্ডুলি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। এ ছাড়া ওই একই সড়কের কোনাপাড়া এলাকায় যমুনা আক্তার (৮০) নামের এক বৃদ্ধা মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক আল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উভয় ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
বগুড়ার শেরপুরে শেরপুর-কাজীপুর আঞ্চলিক সড়কে মাটিবোঝাই ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। নিহত ও আহত সবাই ওই অটোরিকশার যাত্রী ছিলেন। বৃহস্পতিবার বেলা দুইটার দিকে উপজেলার শুভগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী মিতু বেগম (২৮) ও তাঁর মেয়ে মিম (২) এবং একই থানার বরাইদহ গ্রামের গান্দু মণ্ডলের ছেলে আবদুস সোবাহান (৪০)। আহত ব্যক্তিরা হলেন এ দুর্ঘটনায় নিহত আবদুস সোবাহানের স্ত্রী সীমা বেগম (৩০) ও তাঁর মেয়ে রুবি (১০)। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নোয়াখালী শহরের মাইজদী বাজার এলাকায় যাত্রীবাহী ইজিবাইক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে জান্নাত আহমেদ ওরফে অনিসা (১৭) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছে। সে নোয়াখালী সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল। এ ঘটনায় অপর এক কলেজছাত্রীসহ দুজন আহত হয়েছে। তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনায় ইজিবাইকের দুই যাত্রী ও চালক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জান্নাত আহমেদকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত ইজিবাইক ও পিকআপভ্যান আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।
সদর উপজেলার শুকতাহার এলাকায় জয়পুরহাট-আক্কেলপুর সড়কে দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় তাঁর দেবর আহত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে আক্কেলপুর উপজেলার কাঁঠালবাড়ি গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী রহিমা বেগম (৪৫) দেবর আবদুল আলীমের সঙ্গে মোটরসাইকেলযোগে জয়পুরহাট শহরে আসছিলেন। জয়পুরহাট সদর উপজেলার শুকতাহার নামক স্থানে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এ সময় পেছনে বসে থাকা রহিমা বেগম ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই নিহত হন। জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
