উমর আকমলকে নিয়ে খবরের শেষ নেই। বেশ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। কেরিয়ারের সঙ্গে সঙ্গে এ বার তাঁকে নিয়ে হঠাৎই জল্পনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। এবার অবশ্য নিজে কিছু না করেই আলোচনায় এসেছেন পাকিস্তানি ব্যাটসম্যান।
সামাজিক মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছিল কাল। ইসলামাবাদে সরকারবিরোধী আন্দোলন করতে গিয়ে দাঙ্গায় নিহত হয়েছেন উমর। ছবিটা ভাইরাল হতে সময় লাগেনি। ‘উমর আকমল মারা গেছেন’; খবরটি পাকিস্তানে দাবানলের মতো ছড়িয়ে পড়ে।
এরকম রটনায় রীতিমতো হতাশ আকমল। এরপরই তাঁর ভক্তদের আশ্বস্ত করতে তিনি সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকেই ব্যবহার করেন।
টুইটে লেখেন, ‘‘আমি ভাল রয়েছি। একদম সুস্থ আছি। সোশ্যাল মিডিয়ায় যা ঘুরছে সবটাই মিথ্যে। এবং আমি ন্যাশনাল২০ কাপে অংশ নিচ্ছি।’’ ২৭ নভেম্বর এই টুইট করার পর ২৮ নভেম্বর তিনি একটি ভিডিও পোস্ট করেন। তাঁর সুস্থতার খবর দিয়ে।
মূলত পাকিস্তানে চলমান অস্থিরতায় দাঙ্গায় ছয়জন নিহত হয়েছিল। ফেসবুক-টুইটারের সুবাদে সেই ছয়ের এক বনে গিয়েছিলেন উমর। দেখতে যে অনেকটা উমরের মতোই। যা হয় আরকি, খবরটা সত্যি না মিথ্যা, সেটা যাচাই না করেই শুরু হয়ে যায় শেয়ারের পর শেয়ার। তাতেই ছড়িয়ে পড়ে গুঞ্জন।
২০০৯এ শ্রীলঙ্কার বিরুদ্ধে ডাম্বুলায় আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল আকমলের। শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন গত বছর জানুয়ারিতে। ২৭ বছরের আকমল দেশের হয়ে খেলেছেন ১১৬টি ওডিআই, করেছেন ৩০৪৪ রান। এর মধ্যে রয়েছে ২টো সেঞ্চুরি ও ২০টি হাফসেঞ্চুরি। উইকেট কিপার এই ব্যাটসম্যানের দখলে রয়েছে ৭৭টি ক্যাচ ও ১৩টি স্টাম্পিং। হেড কোচ মিকি আর্থারের বিরুদ্ধে মুখ খোলায় আকমলকে তিন ম্যাচ নির্বাসনের সঙ্গে সঙ্গে ১০ হাজার ডলার জরিমানাও করা হয়েছে। আর্থারের পরে কোচ ওয়াকার ইউনিসের সঙ্গেও সমস্যা হয় আকমলের।
