স্থানীয় সময় আজ শুক্রবার জুমার নামাজের পর যুক্তরাজ্যের লন্ডনের সেন্ট্রাল মস্কে (রিজেন্ট পার্ক মসজিদ নামে পরিচিত) মেয়র আনিসুল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
আগামীকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁর মরদেহ ঢাকায় এসে পৌঁছাবে।
এ বিষয়ে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের একজন কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার জানান, স্থানীয় সময় আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট রয়েছে। সেই ফ্লাইটে মেয়র আনিসুল হকের মরদেহ বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ সময় আগামীকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আনিসুল হকের মরদেহ ঢাকায় পৌঁছাবে।
এই কর্মকর্তা আরও জানান, লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে আনিসুল হকের মরদেহ হাসপাতাল থেকে ফিউনারেল সার্ভিসে (সেবা প্রদানকারী প্রতিষ্ঠান) হস্তান্তর করা হয়। রিজেন্ট পার্ক মসজিদে জানাজা শেষে মরদেহ ঢাকায় পাঠানোর জন্য সরাসরি হিথ্রো বিমানবন্দরে নিয়ে যাওয়ার কথা রয়েছে।
পারিবারিক সূত্র জানায়, ঢাকায় আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে আগামীকাল শনিবারই তাঁর মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে।
বাংলাদেশ সময় গতকাল বৃহস্পতিবার রাত ১০টা ২৩ মিনিটে যুক্তরাজ্যের লন্ডনের দ্য ওয়েলিংটন হাসপাতালে মেয়র আনিসুল হক মারা যান। হাসপাতালে তিনি কৃত্রিম শ্বাসপ্রশ্বাস (ভেন্টিলেশন) যন্ত্র দেওয়া অবস্থায় ছিলেন। রাতে তাঁর কৃত্রিম শ্বাসপ্রশ্বাস যন্ত্র খুলে নিয়ে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
গত ৪ অগাস্ট অসুস্থ হয়ে পড়লে লন্ডনের একটি হাসপাতালে ভর্তির পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল আনিসুল হককে। অবস্থার উন্নতি ঘটার পর গত ৩১ অক্টোবর তাকে আইসিইউ থেকে রিহ্যাবিলিটেশনে স্থানান্তরের খবর জানিয়ে বিবৃতি দিয়েছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন। তার এক মাসের মধ্যে ফের আইসিইউতে নেওয়া হল ৬৫ বছর বয়সী আনিসুল হককে।
গত ২৯ জুলাই সপরিবারে লন্ডনে গিয়ে অসুস্থ হয়ে পড়েন আনিসুল হক। অসুস্থ বোধ করায় আগস্টের মাঝামাঝিতে লন্ডনের একটি হাসপাতালে গেলে সেখানে পরীক্ষা চলার মধ্যেই সংজ্ঞা হারান তিনি। পরে তার মস্তিস্কের রক্তনালীতে প্রদাহজনিত সেরিব্রাল ভাসকুলাইটিস শনাক্ত করেন চিকিৎসকরা।
৬৫ বছর বয়সী আনিসুল হক বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে জনপ্রিয়তা পান। তৈরি পোশাকখাতের এই ব্যবসায়ী এক সময় বিজিএমইএ’র সভাপতি ছিলেন। এছাড়া ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতির দায়িত্বও পালন করেন।
২০১১ সালের ১ ডিসেম্বর গঠিত হয় ঢাকা উত্তর সিটি করপোরেশন। ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে বিপুল ভোটে উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন।
আরও পড়ুন;
অসুস্থ হয়ে লন্ডনে হাসপাতালে মেয়র আনিসুল
দ্রুত সমাধানের পথ নেই: আনিসুল হক
মশারি নিয়ে মন্তব্য: দুঃখ প্রকাশ করলেন মেয়র
২৪ ঘন্টার মধ্যে ঢাকা সাফ করার আশ্বাস মেয়রের
ধুলাবালি রোধে দক্ষিণ সিটি করপোরেশনের অভিনব পদক্ষেপ
