একটি ফুলের মৃত্যু




লেখক: কাজী মনির
রানা অনার্স নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে ছয় মাস হলো। নতুন ছাত্রদের জন্য হলে সিট পাওয়া দুস্কর, তা ছাড়া হলে বিভিন্ন গেঞ্জাম হয় শুনে ধনী বাবা মায়ের ইচ্ছে তার একমাত্র ছেলে হলে না থাকুক! সে কারণেই বাংলামোটর এলাকায় বাবার পরিচিত একজনের বাসায়, রানা একটা রুম নিয়ে থাকে। বাবা-মা ইতিমধ্যে ছেলের কাছে এসে ক’দিন থেকে গেছে।
বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষে অন্যান্য ছেলেদের মত রানা পার্কে বা মোড়ে বসে সময় কাটায় না। সময় পেলেই চলে যায় বিভিন্ন বস্তি, রেলষ্টেশন, বাস টার্মিনালে। সেখানে অসহায় ও দুঃস্থ মানুষেরা কেমন মানবেতর জীবনযাপন করছে, তা দেখতে। গ্রামের বাড়ি থেকে এক বন্ধু এসেছিল, তাকে গাড়িতে তুলে দিয়ে প্রতিদিনের মত রিকশা নিয়ে কমলাপুর স্টেশনে এসে, রিকশা ভাড়া দিয়ে দাঁড়াতেই!
পাশ থেকে একজন ভিখারিনী হাত মেলে বলে উঠলো : সাহেব আমাকে কিছু সাহায্য করবেন!
রানা বরাবরই ভিখারীদের প্রতি সহানুভূতিশীল, পকেট থেকে খুচরা টাকা বের করে ভিখারীকে দিতে গিয়ে হঠাৎ থেমে গেল।
ভিখারীনি হাত মেলে আছে: সাহেব আমাকে কিছু সাহায্য করুন।
রানা অপলক চোখে তাকে দেখছে। মেয়েটির বয়স আঠারো থেকে বিশের বেশি হবে না। পরনের কাপড় ছেঁড়া হলেও খুব দামী। সেই সাথে কাপড়টা যেন পেইন্ট রং দিয়ে দাগানো । সব চেয়ে বেশি অবাক হওয়ার বিষয় যেটা সেটা হলো, মেয়েটির মুখের রং! কিছুটা কালো কিছুটা ফর্সা আবার কিছুটা কেমন যেন.. নাকি পুড়ে বিকৃত হয়ে গেছে ঠিক বোঝা যাচ্ছে না। তবে এমন মুখের রং সহসা চোখে পড়ে না। এদের কেইবা এমন খুঁটে খুঁটে দেখে, এই বিরাট শহরে! কার হাতে এমন সময় আছে। চলার পথে কেউ দয়াপরবশ হয়ে হয়তো দুই একটি টাকা ছুঁড়ে দিয়ে চলে যাচ্ছে, নয়তো ধিক্কার দিয়ে যার যার পথে সেই সেই। রানা কিন্তু তাকিয়েই আছে, তার চোখে কেন যেন মেয়েটির মুখের রংটা স্বাভাবিকভাবে মিলছে না। মেয়েটি তখনও হাত পেতে দাঁড়িয়েই আছে।
সাহেব: আমাকে কিছু সাহায্য করুন আমি অন্ধ।
হঠাৎ রানা দেখতে পেল মেয়েটির বাম চোয়ালের কাছে বেশ পুরু একটা রংএর আস্তর। পরনের কাপড়ে রং আর মুখের এই এলোপাথাড়ি রংএর সাথে বেশ মিল আছে।
রানার প্রচন্ড সন্দেহ হলো মেয়েটার প্রতি, ততক্ষণে মেয়েটি তার সামনে দিয়ে চলে যাচ্ছিল।
রানা তাকে থামানোর জন্য কথা বলে উঠলো: এই মেয়ে দাঁড়াও,
মেয়েটি দাঁড়ালো: কিছু সাহায্য করবেন স্যার!
রানা খুব কাছে গিয়ে কোন ভূমিকা না করেই জিজ্ঞাসা করলো: আচ্ছা তুমি ভিক্ষা করছো কেন? তোমার বাড়ি কোথায় ? মেয়েটি
রানার কথায় যেন ইলেকট্রিক শক খেলো।
সে তাড়াতাড়ি একটু সরে গিয়ে দ্রুতহাতে নিজের দেহের কাপড় নতুন করে নেড়েচেড়ে নিজেকে ঢাকার জন্য ব্যস্ত হয়ে উঠলো। আর অতি শংকিত ও ভিত-সন্ত্রস্ত কন্ঠে বলে উঠলো: কে আপনি?
রানা নিশ্চিত যে মেয়েটি খুব সন্ত্রাম্ভ পরিবারের এবং সে নিজেকে লুকিয়ে রেখেছে, এই ভিখারীর বেশে। সহজভাবে মেয়েটির খুব কাছে গিয়ে বললো: আমার নাম রানা, আসলে আপনাকে দেখে আমি একটু কৌতুহলী হয়ে পড়েছিলাম। কিছু মনে করবেন না। দেখে মনে হয় আপনি কোন বিপদে পড়ে এভাবে জীবনযাপন করছেন…
ছয় মাস হয়ে গেল এই ভাবে কেউ তাকে প্রশ্ন করেনি। আজ এমন কথা শুনে শিরীন ভাবছে কে এই লোক? নিশ্চয় খুব খারাপ ও বদমাইশ লোক হবে। কিন্তুু কথায় সেটা মনে হচ্ছে না।
রানা আবার বললো: আমাকে আপনার সন্দেহ হচ্ছে, তাই না? সন্দেহ হওয়াটাই স্বাভাবিক, তবে আমি আপনাকে বলছি আমার দ্বারা আপনার উপকার না হলেও কোন ক্ষতি হবে না। এই আশ্বাস আমি আপনাকে দিতে পারি। আমি নিশ্চিত যে আপনি অনেক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে।
শুধু জানতে চাই কি করে আপনার এই অবস্থা হলো?
শীরিনের মনের ভিতর কথাগুলো যেন ডুকরে কেঁদে উঠল। নিজেকে আর সংবরণ করতে পারলো না। কান্না চেপে শুধু বললো: সাহায্য চেয়েছি যদি কিছু পারেন সাহায্য করুন।
রানা মেয়েটির কথা শুনে খুব সহজভাবে বললো: শুধু টাকা পয়সা সাহায্য নিলেই আপনার এই দুরাবস্থার অবসান হবে? বিপদ মানুষেরই হয়, আর মানুষের বিপদে মানুষই সাহায্য করে। এটা মানুষের কর্তব্য। আমি আপনাকে সাধারণ ভিখারীর মত দেখছি না, তাই দু’এক টাকা সাহায্য দিতে আমার বিবেকে বাঁধছে। আমার জানতে ইচ্ছে করছে আপনার আসল বিপদটার কথা। আপনি যদি না বলেন আমার জোর করে জানার অধিকার নেই! তাছাড়া আপনি সন্দেহ করলে সেটাও আমি স্বাভাবিক বলেই মেনে নেব। কারণ এই ঢাকা শহরে প্রবঞ্চক আর ঠকবাজদের
সংখ্যাই বেশি।
শিরীন বুঝতে পারলো যে, লোকটা আর যাই হোক কথায় তাকে খারাপ বলা যাচ্ছে না। আর এই অন্ধত্ব জীবনে ….কারো সাহয্য তো তাকে নিতেই হবে, এতদিন কেউ তো তাকে এমন করে বলেনি। আজ যে বলল এটাই তো তার জন্য অনেক, সুতরাং লোকটাকে বিশ্বাস করা যেতে পারে।
নিজেকে সংযত করে মুখে একটু হাসি আনার চেষ্টা করে বললো: আমার জীবন কাহিনী শুনে আপনার কোন লাভ হবে না বরং দুঃখ পাবেন। তবুও যখন শুনতে চাচ্ছেন হতভাগীর দুখের কথা, তাহলে শুনুন। আপনার অনুমান সত্য, আমি বিপদগ্রস্থ একটা অসহায় মেয়ে।
(চলবে, পরের অংশ প্রকাশিত হবে আগামীকাল ২/১২/২০১৭)