রাশিয়ার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছে ট্রাম্পের সহযোগী




ট্রাম্পের সাবেক সহযোগী ও যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন রাশিয়ার সঙ্গে যোগাযোগ নিয়ে এফবিআইকে মিথ্যা তথ্য দেওয়ার কথা স্বীকার করেছেন । এমনকি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগে ডোনাল্ড ট্রাম্পই তাকে রাশিয়ার সঙ্গে যোগাযোগ করতে বলেছিলেন বলে ফ্লিন আদালতে স্বীকারোক্তি দিতে চলেছেন।
এই খবর জানাজানির পর যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে সূচক পতনের খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের শীর্ষস্থানীয়দের অন্যতম ছিলেন ফ্লিন। ২০১৬ সালের ওই নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্তের মধ্যে এফবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর গত ফেব্রুয়ারিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগে রাশিয়ার তৎকালীন রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে বৈঠকের বিষয়ে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করে এফবিআই।
গত জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ নিয়ে আলোচনা চলছে। ফ্লিনের এই স্বীকারোক্তি স্পেশাল কাউন্সেল রবার্ট মুলারের নেতৃত্বে চলমান তদন্তে বড় অগ্রগতি বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
ফ্লিনের এক ঘনিষ্ঠজনের বরাত দিয়ে এবিসি নিউজ লিখেছে, সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে কাজ করা যায় কি না সে বিষয়ে আলোচনার জন্য রাশিয়ার সঙ্গে যোগাযোগ করতে ট্রাম্প তাকে নির্দেশ দিয়েছিলেন বলে আদালতে স্বীকারোক্তি দিতে চলেছেন মাইকেল ফ্লিন। তবে ট্রাম্প কখন তাকে রাশিয়ার সঙ্গে যোগাযোগ করতে বলেছিলেন এবং এতে আইন লংঘন ঘটেছে কি না সে বিষয়টি এখনও স্পষ্ট হওয়া যায়নি।