স্থির পেঁয়াজের বাজার




আমদানি পর্যায়ে কমেছে পেঁয়াজের দাম। তবে এখনো রাজধানীর খুচরা ও পাইকারি বাজারে দাম কমেনি পেঁয়াজের। এখনো খুচরা বাজারে প্রতি কেজি আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫-৮৫ টাকায়। পাইকারিতে বিক্রি হচ্ছে ৬৮-৭০ টাকা কেজি দরে। তবে অন্যান্য ভোগ্যপণ্যের দামও তেমন একটা পরিবর্তন হয়নি।
এ অবস্থায় ব্যবসায়ীরা বলছেন, মজুদে থাকা পেঁয়াজ কেনা হয়েছে এক সপ্তাহ আগে। তখন আমদানি পর্যায়েও দাম বেশি ছিল। এ কারণে দাম কমে যাওয়ার পরও ভোক্তাপর্যায়ে এখনো প্রায় আগের দামেই বিক্রি হচ্ছে পণ্যটি। পাশাপাশি এখনো নতুন মৌসুমের পেঁয়াজ বাজারে না আসায় দাম কমছে না।
রাজধানীর বাজারগুলো ঘুরে দেখা যায়, প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫-৮৫ টাকায়। গত সপ্তাহে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ সর্বোচ্চ ১০০ টাকায় বিক্রি হয়েছিল।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল আমদানি পর্যায়ে হিলিতে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হয় ৫৪-৬০ টাকায়, যা গত সপ্তাহে ৭০-৭৪ টাকা ছিল। সপ্তাহ ব্যবধানে আমদানি পর্যায়ে পণ্যটির দাম কেজিতে ১৫ টাকা পর্যন্ত কমলেও খুচরা বাজারে তেমন প্রভাব পড়েনি।
তবে আমদানিকৃত পেঁয়াজের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে দেশী পেঁয়াজ। গতকাল কারওয়ান বাজারে প্রতি কেজি দেশী পেঁয়াজ বিক্রি হয়েছে ৮৫-৯৫ টাকায়। আমদানি ও দেশী পেঁয়াজের দরের পার্থক্য সম্পর্কে জানতে চাইলে কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ী মনজুর আলী বলেন, ভারতীয় পেঁয়াজের তুলনায় দেশী পেঁয়াজের মান ভালো। এ কারণে পণ্যটির দাম বেশি।
এদিকে সপ্তাহজুড়ে মোটামুটি স্থির রয়েছে সবজির দর। গতকাল প্রতি কেজি শিম বিক্রি হয়েছে ৩৫-৪০ টাকায়। একইভাবে প্রতি কেজি বরবটি ৫০-৫৫, বেগুন ৪০-৪৫, ঢেঁড়স ৪০, চিচিঙ্গা ৪০, ঝিঙ্গা ৪০, ধুন্দুল ৩৬ ও পটোল বিক্রি হয়েছে ৪০ টাকায়। গত সপ্তাহে প্রায় একই দামে বিক্রি হয়েছিল এসব সবজি।
বাজারে নতুন আলু উঠেছে মাসখানেক আগে। শুরুর দিকে প্রতি কেজি ১৫০-১৮০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা নেমে এসেছে ৬০-৭০ টাকায়। আর পুরনো আলু বিক্রি হচ্ছে ১৫-২০ টাকা কেজি দরে। একইভাবে প্রতি কেজি কাঁচামরিচ ১২০, শুকনা মরিচ ১৭০-১৮০, দেশী রসুন ৭০-৮০, আমদানিকৃত রসুন ৮০-১০০ ও আদা বিক্রি হয়েছে মানভেদে ৭০ থেকে ১৩০ টাকায়।
সপ্তাহ ব্যবধানে মাছের বাজারও মোটামুটি স্থির রয়েছে। গতকাল প্রতি কেজি রুই ২২০-২৩০ টাকা, কাতলা ২০০-২৫০ ও ইলিশ ৫০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হয়েছে। এছাড়া প্রতি কেজি গরুর মাংস ৪৫০-৪৮০, খাসি ৭০০-৭৫০, ব্রয়লার মুরগি ১২৫ ও দেশী মুরগি ৩৫০-৩৮০ টাকায় বিক্রি হয়।
আরও পড়ুন; হিলিতে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী    
পাইকারিতে আরেক দফা বেড়েছে পেঁয়াজের দাম           
দাম নিয়ন্ত্রণের মাধ্যমে পেঁয়াজ আমদানি বাড়াচ্ছে ভারত     
ভোমরা স্থলবন্দরেও কমেছে পেঁয়াজ আমদানি     
হিলিতে পেঁয়াজ আমদানি অর্ধেকে নেমেছে
কেজিতে ৭ টাকা বেড়েছে চায়ের দাম  
বাড়তি সরবরাহে নিম্নমুখী চায়ের দাম    
পর্যাপ্ত সরবরাহ সত্ত্বেও বাড়ছে চায়ের দাম