মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন ‘আন্তরিকভাবে পরমাণু যুদ্ধ কামনা’ বলে দাবি করছে উত্তর কোরিয়া। ওয়াশিংটন ও সিউল যখন বড় ধরনের যৌথ সামরিক মহড়া করতে যাচ্ছে তখন এ সতর্কবার্তা উচ্চারণ করল উত্তর কোরিয়া।
গত শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, কোরীয় উপদ্বীপে ট্রাম্প একটি ভয়াবহ বিপজ্জনক পারমাণবিক জুয়া খেলায় মেতে উঠেছেন। এই বিবৃতিতে ট্রাম্পকে একটি ‘পারমাণবিক রাক্ষস’ এবং ‘বিশ্ব শান্তি বিনষ্টকারী’ হিসেবে অভিহিত করা হয়েছে।
এদিকে আগামীকাল সোমবার থেকে কোরীয় উপদ্বীপে বিশাল সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া। মহড়ায় প্রায় ১২ হাজার মার্কিন সৈন্য ও ২৩০টি জঙ্গিবিমান অংশ নেবে বলে ঘোষণা করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার উত্তর কোরিয়া এ যাবতকালের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর ওয়াশিংটন ও সিউল ওই মহড়ার কর্মসূচি ঘোষণা করে। ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরদিন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি নিরাপত্তা পরিষদের এক বৈঠকে উত্তর কোরিয়াকে ‘পুরোপুরি ধ্বংস’ করে ফেলার হুমকি দেন।
এ ছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরো ‘কঠোর নিষেধাজ্ঞা’ আরোপের হুমকি দিয়েছেন।
আরও পড়ুন; ‘সবচেয়ে দূরপাল্লার’ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া
উত্তর কোরিয়ায় এয়ার চায়নার বিমান চলাচল স্থগিত
পরমাণু পরীক্ষা: উত্তর কোরিয়ায় মৃত্যু ২০০ জনের
সংকুচিত উত্তর কোরিয়ার খনিজ রফতানি
উত্তর কোরিয়ায় যেতে আগ্রহী জিমি কার্টার
