একটি ফুলের মৃত্যু (পর্ব ৪)




লেখক: কাজী মনির
শিরীনের মনটা অজানা আশংকায় দুমড়ে মুচড়ে উঠতে লাগলো। না না এই পোশাক আর এই বেশে সে স্টেশনে ফিরে যাবে না। তার চেয়ে আগের পোশাকটাই ভাল ছিল, কেউ তাকে চিনতে পারেনি। তার রূপ কারো চোখে পড়েনি।
ধড়ফড় করে উঠতে গিয়ে টি টেবিলের কোণা লেগে মুখ থুবড়ে পড়ে গেল, ঠিক এমন সময় রানা ছুটে এসে তাকে ধরলো: কি ব্যাপার তাড়াহুড়া করে উঠতে গেলেন কেন? আমাকে ডাকতে পারতেন, কোথাও আঘাত পাননি তো?
শিরীন বললো: না না আমি একটু বাথরুমে যাবো! বলে হাতড়াতে হাতড়াতে আগালো।
রানা ভাবলো হয়তো জরুরিভাবে বাথরুমের প্রয়োজন হয়েছে। শিরীন বাথরুমে ঢুকে খটাস করে ভিতর থেকে দরজা বন্ধ করে দিল।
রানা সালাত আদায় করতে মনোনিবেশ করলো। মাগরিব এবং আসরের কাজা সালাত আদায় করে মাথা নিচু করে বেশ কিছুক্ষণ বসে আছে রানা। আল্লাহ মানুষকে কতভাবে পরীক্ষা করেন, আর কতভাবে মানুষ বিপদগ্রস্ত হয়! সেই বিপদ থেকে আল্লাহ তার নিজ দয়ায় মানুষকে উদ্ধার করেন। রানার ভাবনার মাঝে খট করে আওয়াজ করে শিরীন বাথরুমের দরজা খুলে বেরিয়ে এলো।
রানা তার দিকে তাকিয়েই লাফিয়ে উঠলো: একি! আপনি আবার আগের পোশাক পরলেন কেন? আপনাকে খুব বিশ্রী লাগছে। শিরীন মৃদু উপহাসের হাসি হেসে বললো: আপনার মূল্যবান পোশাক আমার নসিবে নেই, আমাদের মত রাস্তায় স্টেশনে থাকা মেয়েদের এত সুন্দর আর দামী পোষাক মানায় না! সেই সাথে ক্ষতিও হয়। অনেকদিন পর পেটভরে তৃপ্তি সহকারে খেয়েছি আপনার উছিলায়, এ জন্য আপনার কথা কখনও ভুলব না।
শিরীনের কথা শুনে রানা হতভম্বের মত তার মুখের দিকে তাকিয়ে ছিল। এবার মুখ খুললো: আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না।
হঠাৎ আপনার কি হলো বলুন তো? অমন পরীর মত সুন্দর চেহারাটাকে কেন এই নোংরা কাপড়ের আড়ালে লুকোবার চেষ্টা করছেন? আর ওই  মুখটা কি আপনি দেখতে পাচ্ছেন? কত সুন্দর আপনার মুখখানা।
শিরীন হতাশার স্বরে বললো: এখন দেখছি না কিন্তু আগে দেখতাম। আচ্ছা আপনার ঘরে কি জুতোর কালি বা তেমন কালো কোন রং আছে? দিন না প্লিজ! আমি মুখটাকে একটু কালি দিয়ে পাল্টে ফেলি।
রানা আর নিজেকে সংযত করতে পারলো না। চিৎকার করে বললো: দেখুন আপনার পাগলামীর আমি কিছুই বুঝতে পারছি না। দয়া করে পাগলামীর কারণটা বলবেন প্লিজ! কেন আপনার এই অপূর্ব সুন্দর চেহারাটাকে কদাকার কুৎসিত করতে চান?
শিরীন অতিশয় হতাশার স্বরে বললো: একজন অন্ধ ভিখারীর অপূর্ব বলে কোন কিছু থাকতে নেই! কদাকার কুৎসিত হলেই মানুষের দয়া ও করুণা বেশি পাওয়া যায় এবং নিরাপদ থাকা যায়।
রানা শিরীনের বেদনাটা উপলদ্ধি করতে পারলো, তাই বললো: তাই বলে কি আপনি সারা জীবন এভাবেই ছদ্মবেশ নিয়ে থাকবেন। আর পারবেন সারা জীবন নিজেকে লুকিয়ে রাখতে?
শিরীন দীর্ঘশ্বাস ফেলে বললো: আপনি যাকে জীবন বলেছেন, সেটা আমার জীবন থেকে ছয় মাস আগে হারিয়ে গেছে। আমি এখন মৃত, আর লুকিয়ে রাখার কথা বলেছেন! আমি আসলে আত্মরক্ষার জন্য নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছি। জানি না কতদিন আত্মরক্ষা করতে পারবো! হাজারো মানুষের মাঝে আমি ছয় মাস ধরে আমার বাবাকে খুঁজে বেড়াচ্ছি! জানিনা বাবা বেঁচে আছে নাকি আমাকে ছেড়ে চলে গেছে।
কান্নায় শিরীনের গলা ধরে এলো: যদি বাবাকে খুঁজে পাই তাহলে আমার এই অভিশপ্ত জীবনের অবসান হবে। আমিও আপনার মত সমাজের
সাধারণ মানুষের মত বাঁচতে পারবো। আমার এই আশা পূরণ হবে কিনা, বাবার দেখা পাবো কিনা জানি না! এই পৃথিবীতে আমার একমাত্র আপনজন ছিল আমার বাবা। শিরীনের চোখ বেয়ে গড়িয়ে পড়ছে জল।
রানা ম্লান স্বরে জানতে চাইলো: কি হয়েছিল আপনার বাবার? শিরীন অন্ধ চোখ দিয়ে দূরে তাকিয়ে আছে! সে বলতে শুরু করলো: ছোটবেলা থেকে আমি আর্ট করতে ভালবাসতাম, বাবা আমাকে আর্ট করার জন্য কালার পেন্সিল, বোর্ড রং তুলি কিনে দিয়ে আমাকে আর্ট শেখার জন্য সহযোগিতা করতো। সৎ মায়ের আপত্তি স্বত্বেও বাবা আমার জন্য আর্ট এর মাস্টার রেখেছিলেন।
আমি তাঁর সহযোগিতায় বাসায় বসেই অনেক তৈলচিত্র এঁকেছিলাম। যা দেখে রাজশাহীর অনেক নামকরা আর্টিস্ট আমাকে নিয়ে মন্তব্য করেছিল; আমি নাকি বড় হয়ে অনেক বড় মাপের আর্টিস্ট হতে পারবো।
আমি ইন্টারমিডিয়েট পাস করলে বাবা আমাকে ঢাকায় আর্ট কলেজে ভর্তি করে দেবেন। এটা ছিল আমার আর বাবার স্বপ্ন।
রানা কথার মাঝে বললো: আপনি তো অন্ধ ছিলেন না, আপনার চোখ নষ্ট হলো কিভাবে? শিরীন বললো: চোখ আর বাবাকে একই সাথে হারায়ে ফেললাম। আমি ইন্টারমিডিয়েট পাস করলাম জিপিএ ফাইভ নিয়ে।
বাবা সৎমাকে না জানিয়ে জমানো টাকা পয়সা নিয়ে, আমাকে বললো: শিরি মা চল আমরা ঢাকা চলে যাই, তোকে আর্ট কলেজে ভর্তি করে,
থাকার খাওয়ার ব্যবস্থা করে তবে আমি বাড়ি ফিরবো।
বাবার কথামত কাউকে কিছু না বলে লুকিয়ে আমরা রাতের ট্রেনে চড়ে বসলাম ঢাকার উদ্দেশ্যে। রাস্তায় বাবা আমি শুধু আর্ট কলেজ আর আর্ট-এর স্বপ্ন নিয়ে গল্প করতে করতে রাত শেষ করলাম।
ট্রেনের সকলেই ঘুমিয়ে আছে, কেবল আমি আর বাবা ঘুমাইনি। আমার চেয়ে বাবার স্বপ্নটাই ছিল বেশি। রাত শেষ হতে তখন বেশি বাকি ছিল না। এমন সময় প্রচন্ড একটা শব্দ আর ঝাঁকুনীতে আমি ছিটকে পড়লাম। তারপর আর কিছুই জানি না। যখন আমি জ্ঞান ফিরে পেলাম, তখন আমার চোখের সামনে সব অন্ধকার।
আরও পড়ুন;
একটি ফুলের মৃত্যু   
একটি ফুলের মৃত্যু (পর্ব ২)