চট্টগ্রামের খাতুনগঞ্জে মসলাপণ্যের দাম ঊর্ধ্বমুখী




দেশের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে গরম মসলাসহ সব ধরনের মসলার দাম বেড়েছে। মূলত শীতকালে দেশে মসলাপণ্যের চাহিদা বেড়ে যায়। একই সঙ্গে চলতি বছর ঈদে মিলাদুন্নবীর কারণেও মসলার বাড়তি চাহিদা ছিল। সব মিলে আমদানির তুলনায় বাড়তি চাহিদার কারণে খাতুনগঞ্জে মসলাপণ্যের দাম বেড়েছে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা।
খাতুনগঞ্জ বাজারে মসলার আড়ত ঘুরে সিরিয়া থেকে আমদানি করা প্রতি কেজি জিরা ৩৬৭-৩৬৮ টাকায় বিক্রি হতে দেখা যায়। দুই সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম কেজিতে সর্বোচ্চ ২০ টাকা বেড়েছে। অন্যদিকে ভারত থেকে আমদানি করা জিরা বিক্রি হয় কেজিপ্রতি ৩৬৫-৩৬৬ টাকায়। দুই সপ্তাহের ব্যবধানে ভারত থেকে আমদানি করা জিরার দাম কেজিতে সর্বোচ্চ ১৫ টাকা বেড়েছে। এদিকে খাতুনগঞ্জ বাজারে প্রতি কেজি গোলমরিচ ৫২০ টাকায় বিক্রি হয়। এছাড়া প্রতি কেজি লবঙ্গ ৮৬০ টাকা, এলাচ ১ হাজার ১৭০, দারচিনি ১৯৭-১৯৮, জায়ফল ৪৭০, জয়ত্রী ১ হাজার ২৯০, ভালো মানের ধনিয়া ৬৮-৭০, কিছুটা নিম্নমানের ধনিয়া ৫৬-৫৮ টাকা, মেথি ৬৫, সরিষা ৬২, দেশে উৎপাদিত হলুদ ১১৮ ও ভারত থেকে আমদানি করা হলুদ ১২০ টাকায় বিক্রি হতে দেখা যায়। দুই সপ্তাহের ব্যবধানে সব মসলাপণ্যের দাম কেজিপ্রতি ১৫-২০ টাকা বেড়েছে।
এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা জানান, চলতি বছর বিলম্বিত বর্ষার কারণে দেশী আমদানিকারকরা মসলার আমদানি কমিয়ে দিয়েছিলেন। একই সঙ্গে বন্যায় খাতুনগঞ্জের আড়তগুলোয় মজুদ করা মসলার বড় একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়। এর জের ধরে ঈদের সময় ক্রেতাদের বাড়তি দামে মসলা কিনতে হয়। এখন শীতকালে দেশজুড়ে বিয়ের মৌসুম শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই মসলার চাহিদা বেড়েছে। বিভিন্ন জেলা থেকে মসলাপণ্যের বাড়তি অর্ডার আসছে। একদিকে আমদানি তুলনামূলক কম হওয়া, অন্যদিকে দেশজুড়ে চাহিদা বেড়ে যাওয়ার জেরে খাতুনগঞ্জ বাজারে সব ধরনের মসলার দাম ঊর্ধ্বমুখী রয়েছে। এর প্রভাবে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার খুচরা বাজারেও মসলার দাম বাড়তি রয়েছে।
খাতুনগঞ্জের এক মসলা ব্যবসায়ী জানান, প্রতি বছরই শীতের মৌসুমে দেশজুড়ে মসলার চাহিদা বেড়ে যায়। মূলত বিয়ের মৌসুমের কারণে দেশের বাজারে পণ্যটির বাড়তি চাহিদা দেখা যায়। ফলে পাইকারি ও খুচরা— দুই পর্যায়েই মসলার দাম বাড়ে। এটা মোটেও অস্বাভাবিক নয়। বাড়তি চাহিদা সামাল দিতে ব্যবসায়ীরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখেন। উৎসবের মৌসুমের আগে মসলা আমদানি বাড়ানো হয়। তবে এবার বৈরী আবহাওয়ার কারণে আমদানি প্রক্রিয়ায় কিছুটা বিঘ্ন ঘটেছে। আমদানি বেড়ে সরবরাহ স্বাভাবিক হলে দেশের বাজারে মসলার দাম কমে আসবে বলে মনে করছেন তিনি।
আরও পড়ুন;
হিলিতে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী    
পাইকারিতে আরেক দফা বেড়েছে পেঁয়াজের দাম           
দাম নিয়ন্ত্রণের মাধ্যমে পেঁয়াজ আমদানি বাড়াচ্ছে ভারত     
ভোমরা স্থলবন্দরেও কমেছে পেঁয়াজ আমদানি     
হিলিতে পেঁয়াজ আমদানি অর্ধেকে নেমেছে
কেজিতে ৭ টাকা বেড়েছে চায়ের দাম  
বাড়তি সরবরাহে নিম্নমুখী চায়ের দাম    
পর্যাপ্ত সরবরাহ সত্ত্বেও বাড়ছে চায়ের দাম