মেসি ছাড়াই জিতল বার্সা




জয় দিয়েই গ্রুপপর্ব শেষ করল বার্সেলোনা। মেসিকে বেঞ্চে রেখেই জয় পেয়েছেন সুয়ারেজ-আলকাসেররা। চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই ড্রয়ের পর জয়ের দেখা পেল বার্সা।
মঙ্গলবার রাতে ‘ডি’ গ্রুপের ম্যাচে কাম্প নউয়ে স্পোর্টিং লিসবনকে ২-০ গোলে হারিয়েছে আগেই নকআউট পর্ব নিশ্চিত করা বার্সেলোনা। এদিকে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্বে বার্সেলোনার সঙ্গী হয়েছে ইউভেন্তুস।
যদিও ম্যাচের শুরুতে সব আকর্ষণে জল ঢেলে দিল বার্সেলোনা। মেসিকে বেঞ্চে রেখেছিলেন কোচ এরনেস্তো ভেলভের্দে। যার জাদুতে লা লিগার শির্ষস্থান পাকাপোক্ত হলো। সেই মেসিকে ছাড়া বাকি দল কেমন খেলে সেটা বুঝে নিতেই যেন তাকে বসিয়ে রাখা।
দলের সেরা তারকাকে ছাড়া আক্রমণভাগে বেশ ভুগতে দেখা যায় তাদের; প্রথমার্ধে দুই-তৃতীয়াংশ সময় বল দখলে রাখলেও কোনো সুযোগ তৈরি করতে পারেনি। বিরতির পরও একইভাবে চলতে থাকা ম্যাচের ৫৯তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। দেনিস সুয়ারেসের কর্নারে হেডে গোলটি করেন পাকো আলকাসের।
দুই মিনিট পর আলেইশ ভিদালকে বসিয়ে মেসিকে নামান কোচ। যোগ করা সময়ে নিজেদের ভুলে দ্বিতীয় গোলটি খায় স্পোর্টিং লিসবন। বাঁ-দিক থেকে সুয়ারেসের ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালে পাঠান সাবেক বার্সেলোনা ডিফেন্ডার জেরেমি মাথিউ।