মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে আলোর মুখ দেখছে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র। এর মধ্য দিয়ে স্থানীয় বাগান মালিকসহ চা শিল্পসংশ্লিষ্টদের আন্তর্জাতিক নিলাম কেন্দ্র স্থাপনে দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে।
আজ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ আন্তর্জাতিক নিলাম কেন্দ্রটি উদ্বোধন করবেন বলে মৌলভীবাজার জেলা প্রশাসন ও টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিপিটিএবি) পক্ষ থেকে জানানো হয়েছে।
খাতসংশ্লিষ্টদের দেয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রতি বছর গড়ে সাত কোটি কেজি চা উৎপাদন হয়। এর মধ্যে সিলেট অঞ্চলে উৎপাদন হয় প্রায় ছয় কোটি কেজি চা, যার ৭৫ শতাংশই উৎপাদন হয় মৌলভীবাজারের বাগানগুলোয়। দেশের সিংহভাগ চা উৎপাদনে সিলেট অঞ্চলের একক আধিপত্য থাকলেও পণ্যটির আন্তর্জাতিক নিলাম কেন্দ্রের অবস্থান চট্টগ্রামে। সিলেট থেকে উৎপাদিত চা চট্টগ্রাম নিয়ে এর পর তা নিলামে তোলেন সংশ্লিষ্টরা। এ কারণে মান কমার পাশাপাশি পরিবহন ব্যয় যুক্ত হওয়ায় চায়ের দাম বেড়ে যায়। এ সমস্যা সমাধানে দীর্ঘদিন থেকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে চায়ের আন্তর্জাতিক নিলাম কেন্দ্র স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন খাতসংশ্লিষ্টরা।
সিলেট অঞ্চলে উৎপাদিত চা নিলামের জন্য চট্টগ্রামে নিয়ে যেতে প্রতি বছর সব মিলে ৫-৬ হাজার ট্রাক ভাড়া করতে হয়। সেই হিসাবে ট্রাক প্রতি ২০ হাজার টাকা ধরলে বছর শেষে পণ্যটির সম্মিলিত পরিবহন ব্যয় দাঁড়ায় ১০-১২ কোটি টাকা। এর জের ধরে চায়ের দাম বাড়ায় ক্রেতারা দেশে উৎপাদিত চায়ের প্রতি আগ্রহ হারান। এ কারণে শ্রীমঙ্গলে একটি আন্তর্জাতিক নিলাম কেন্দ্র স্থাপনের দাবি ওঠে। কেন্দ্রটি স্থাপনের উদ্যোগের অংশ হিসেবে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির উদ্যোগে ২০১১ সালে ’শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্র বাস্তবায়ন পরিষদ’ নামে একটি সংগঠন গড়ে ওঠে। সংগঠনটি বৃহত্তর সিলেট বিভাগের ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে আলোচনা ও আন্দোলন শুরু করে। সরকারের কাছে তাদের দাবি তুলে ধরা হয়।
এরপর ২০১২ সালের ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌলভীবাজার সফরকালে শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র স্থাপনের ঘোষণা দেন। এর ধারাবাহিকতায় ২০১৪ সালে টিপিটিএবি আত্মপ্রকাশ করে। পরবর্তীতে কমিটির নিবন্ধনের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ নভেম্বর শ্রীমঙ্গলে টি হ্যাভেন রিসোর্টের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলা প্রশাসন এবং টিপিটিএবির যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটির নিবন্ধনপত্র হস্তান্তর করা হয়। এর মাধ্যমে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রের কার্যক্রম শুরুর অপেক্ষার অবসান হয়। এখন আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে নিলাম কেন্দ্রটির কার্যক্রম শুরু হবে।
শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও চা ব্যবসায়ী মো. কামাল হোসেন জানান, প্রাথমিকভাবে একটি ভাড়া করা ভবনে নিলাম কেন্দ্রটির কার্যক্রম শুরু হচ্ছে। এখানে চা মজুদের জন্য তিনটি পৃথক ওয়্যার হাউজ রয়েছে। পরবর্তীতে স্থায়ী ভবনে কেন্দ্রটি স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে।
আন্তর্জাতিক নিলাম কেন্দ্রটির উদ্বোধন ঘিরে স্থানীয় চা উৎপাদনকারী ও খাতসংশ্ল্লিষ্টদের মনে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়েছে। টিপিটিএবির সদস্য সচিব জহর তরফদার বণিক বার্তাকে বলেন, সিলেট অঞ্চলে উৎপাদিত চা চট্টগ্রামে নিয়ে নিলামে তুলতে সময় ও ব্যয় দুটোই বেশি লাগত। এ কারণে উৎপাদিত চায়ের মানও কমে যেত, বাড়ত দাম। এখন শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রটির কার্যক্রম শুরু হলে খাতসংশ্লিষ্টদের পরিবহন ব্যয় বাবদ বছরের অন্তত ২০০ কোটি টাকা সাশ্রয় হবে।
উল্লেখ্য, ১৮৪৯ সালে সিলেটের মালনিছড়ায় বাগান প্রতিষ্ঠার মাধ্যমে উপমহাদেশে চা উৎপাদনের সূচনা হয়। এরপর সিলেট অঞ্চলে এ শিল্পের ক্রমশ বিকাশ ঘটেছে। বর্তমানে সিলেট জেলায় ২০টি, মৌলভীবাজারে ৯৩টি এবং হবিগঞ্জ জেলায় ২২টি চা বাগান রয়েছে।
আরও পড়ুন; কেজিতে ৭ টাকা বেড়েছে চায়ের দাম
বাড়তি সরবরাহে নিম্নমুখী চায়ের দাম
পর্যাপ্ত সরবরাহ সত্ত্বেও বাড়ছে চায়ের দাম
