রোনালদোর হাতেই উঠল ব্যালন ডি’অর




পঞ্চমবারের মত ব্যালন ডি’অর জিতলেন পর্তুগীজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এর মধ্য দিয়ে আর্জেন্টাইন ফুটবল যাদুকর মেসির সঙ্গে সমতা আনলেন তিনি।
এর আগে, তার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসিও ৫টি ব্যালন ডি’অর বাগিয়েছেন। কারণ ২০০৮ সাল থেকে গেলো ৯ বছর ট্রফিটা ভাগাভাগি করে নিয়েছেন এই দুজন। তাই ফ্রান্স ফুটবল ৩০ জনের শর্ট লিস্ট প্রকাশ করলেও আলোচনার শীর্ষে মেসি আর রোনালদো।
অবশ্য, গত মৌসুমটি দুর্দান্ত কেটেছে রোনালদোর। রিয়ালের হয়ে লা লিগা ও মর্যাদার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া জাতীয় দল পর্তুগালকেও রাশিয়া বিশ্বকাপের টিকিট এনে দেওয়ায় রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
এসব হিসাব নিকাশ করেই হয়তো মার্কা, মুন্দো দেপোর্তিভো সহ বেশ কিছু ইউরোপীয় প্রভাবশালী গণমাধ্যম, বিজয়ী হিসেবে আগে থেকেই ফাঁস করে দিয়েছে পর্তুগিজ সুপারস্টার রোনালদোর নাম।