নিম্নচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টি




বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বেশির ভাগ স্থানে বৃষ্টি হচ্ছে। উপকূলে বৃষ্টির মাত্রা বেশি। নিম্নচাপটি দুর্বল হয়ে পড়লেও এর প্রভাবে বৃষ্টি হচ্ছে ঢাকাসহ বিভিন্ন জেলায়। ঝড়ো হাওয়ার শঙ্কায় সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত) সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মোংলায়, ৩৪ মিলিমিটার। রাজধানী ঢাকায় ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। খুলনায় ৯, বরিশালে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
শনিবার সকালের বুলেটিনে বলা হয়, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎ সংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও উত্তর-উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়। এটি আরও উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে নিম্নচাপ রূপে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে।
নিম্নচাপের প্রভাবে সকাল থেকে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকায়; আকাশ রয়েছে মেঘলা। ঢাকার পাশাপাশি রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
বুলেটিনে রাতের তাপমাত্রার পাশাপাশি দিনের তাপমাত্রাও ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ার পর বাতাসের তাপমাত্রা আরও কমতে পারে; তাতে তীব্রতা বাড়বে শীতের।
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস; সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিল ১৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।