মিশ্র প্রবণতা দেখা গেছে ব্যবহারিক ধাতুর বাজারে । আগের দিনের তুলনায় বেড়েছে লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) এদিন তামা, অ্যালুমিনিয়াম, সিসাসহ অধিকাংশ ধাতুর দাম ।
অন্যদিকে দস্তা ও নিকেলের দাম আগের দিনের তুলনায় কমেছে।
দিন শেষে প্রতি টন তামা বিক্রি হয় ৬ হাজার ৬৭১ ডলারে, যা আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ বেশি। দিনের শুরুতে পণ্যটির দাম আরো বেড়ে ৬ হাজার ৬৭৪ ডলার ৫০ সেন্টে উঠেছিল। মূলত নভেম্বরে শীর্ষ ভোক্তা দেশ চীনে পণ্যটির বাড়তি আমদানির তথ্যে এদিন তামার বাজারে ঊর্ধ্বমুখিতা দেখা যায়। গত মাসে চীনে মোট ৪ লাখ ৭০ হাজার টন তামা আমদানি হয়েছে, যা আগের মাসের তুলনায় ৪০ শতাংশ বেশি।
এ বিষয়ে বিশ্লেষক জুলিয়াস বেয়ার বলেন, উত্সবের ছুটির পর শিল্পোৎপাদনে গতি ফেরায় তামার অভ্যন্তরীণ চাহিদা বেড়েছে। এর জের ধরে গত মাসে চীনে পণ্যটির আমদানিও বেড়েছে। এটা আশাব্যঞ্জক। আগামী দিনগুলোয় চীনে ব্যবহারিক ধাতুটির বাড়তি চাহিদা বজায় থাকবে বলে আশা করছেন খাতসংশ্লিষ্টরা। এ কারণে আন্তর্জাতিক বাজারে তামার দামও বাড়তি থাকতে পারে।
গতকাল প্রতি টন অ্যালুমিনিয়াম বিক্রি হয় ২ হাজার ১১ ডলারে, যা আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ বেশি। তবে গতকাল বাড়লেও নভেম্বরের শুরুর তুলনায় পণ্যটির দাম প্রায় ১০ শতাংশ কম রয়েছে। শীর্ষ উৎপাদনকারী দেশ চীন থেকে পণ্যটির রফতানি বাড়ার কারণে আগামী দিনগুলোয় এলএমইতে অ্যালুমিনিয়ামের দাম কমে আসতে পারে বলে মনে করছেন জুলিয়াস বেয়ার।
এদিন সিসার দাম আগের দিনের তুলনায় দশমিক ৬ শতাংশ বেড়েছে। দিন শেষে পণ্যটি টনপ্রতি ২ হাজার ৪৪৮ ডলারে বিক্রি হয়। প্রতি টন টিনের দাম আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ বেড়ে ১৯ হাজার ৪৫০ ডলারে বিক্রি হয়। অন্যদিকে এদিন দস্তা ও নিকেলের বাজারে মন্দাভাব বজায় ছিল। দিন শেষে প্রতি টন দস্তা বিক্রি হয় ৩ হাজার ৮৩ ডলারে, যা আগের দিনের তুলনায় দশমিক ২ শতাংশ কম।
