কুমিল্লার দাউদকান্দি উপজেলায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় চারজন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দুর্ঘটনায় হতাহতের খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলার সিংগুলাদিঘীর পাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল রোববার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাসটি দাউদকান্দির সিংগুলাদিঘীর পাড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। গাড়িটি তখন মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে আটকে যায়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী চট্টগ্রামের লোহাগাড়ার রিফাত হোসেন (২৯), সাহাব উদ্দিন (৩৫) ও আবু হানিফ (৬) এবং সাতকানিয়ার আমজাদ হোসেন (২৮) মারা যান।
আহত ব্যক্তিদের মধ্যে আটজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
