প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৬৫ ডলার ছাড়িয়েছে, যা ২০১৫ সালের মাঝামাঝি সময়ের পর প্রথম। সংস্কারকাজের জন্য ব্রিটেনের জ্বালানি পরিবহনকারী সবচেয়ে বড় পাইপলাইন সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে পণ্যটির সরবরাহ কমার সম্ভাবনা দেখা দিয়েছে। এ সম্ভাবনা থেকেই এদিন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৬৫ ডলার ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রে গতকাল প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম আগের দিনের তুলনায় ৫৭ সেন্ট বেড়েছে। দিন শেষে ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয় ৬৫ ডলার ২৬ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৮৭ শতাংশ বেশি। ২০১৫ সালের জুনের পর প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ৬৫ ডলার ছাড়িয়ে যাওয়ার ঘটনা এটাই প্রথম। এদিকে গতকাল ব্যারেলপ্রতি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম আগের দিনের তুলনায় ৩৫ সেন্টে বেড়েছে। দিন শেষে ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হয় ৫৮ ডলার ৩৪ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৬০ শতাংশ বেশি। দুবাইয়ের বাজারেও এদিন ব্রেন্ট ক্রুডের দাম আগের দিনের তুলনায় ৬০ সেন্ট বেড়েছে। দিন শেষে ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয় ৬২ ডলার ২ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৯৭ শতাংশ বেশি।
বাজার বিশ্লেষক জেফরি হ্যালি বলেন, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম চলতি বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। কয়েক সপ্তাহের জন্য ব্রিটেনের সবচেয়ে বড় জ্বালানি পরিবহনকারী পাইপলাইন বন্ধের ঘোষণায় পণ্যটির বাজারদরে গতি ফিরিয়ে এনেছে। আগামী দিনগুলোয় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে তেজিভাব বজায় থাকবে বলে মনে করছেন তিনি।
ফোরটিস পাইপলাইন সিস্টেম ব্রিটেনের জ্বালানি পরিবহনকারী সবচেয়ে বড় পাইপলাইন। এ পাইপলাইনের মাধ্যমে উত্তর সাগর থেকে স্কটল্যান্ডের কিন্নেইল প্রসেসিং টার্মিনালে প্রতিদিন গড়ে ৪ লাখ ৫০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল পরিবহন করে দেশটি। গতকাল এ পাইপলাইনে বড় ধরনের ত্রুটি ধরা পড়ার পর পরই এর কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। ত্রুটি সংশোধন ও সংস্কারকাজ শেষে পাইপলাইনটির কার্যক্রম শুরু করতে কয়েক সপ্তাহ লেগে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে এ সময়ের মধ্যে আন্তর্জাতিক বাজারে পণ্যটির সরবরাহ কমে আসবে বলে মনে করা হচ্ছে। এ সম্ভাবনার প্রভাব পড়েছে ব্রেন্ট ক্রুডের দামে। পণ্যটির দাম প্রায় আড়াই বছরের মধ্যে প্রথমবারের মতো ব্যারেলপ্রতি ৬৫ ডলার ছাড়িয়ে গেছে।
