গাজীপুরে ট্রেনে ধাক্কা খেয়ে একজন এবং নওগাঁয় ট্রেনের ছাদের যাত্রী ওভার ব্রিজে ধাক্কা খেয়ে অপর এক যাত্রী নিহত হয়েছেন।
নওগাঁর রানীনগর উপজেলায় ট্রেনের ছাদে ভ্রমণের সময় ওভার ব্রিজের ধাক্কায় এক যাত্রীর মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহত রতন হোসেনের (২৫) বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর বলে পুলিশ জানিয়েছে।
সান্তাহার জিআরপি থানার ওসি আরিফুল ইসলাম বলেন, ঢাকা থেকে দ্রুতগামী এক্সপ্রেস ট্রেন দিনাজপুর যাচ্ছিল। শুক্রবার ভোর ৫টার দিকে রানীনগর রেলস্টেশন অতিক্রম করার সময় ওভার ব্রিজের ধাক্কায় ছাদে ভ্রমণরত রতন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় ট্রেনের আরও তিন যাত্রী আহত হলে তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে তিনি জানান।
গাজীপুর সিটি করপোরেশনের বিলাসপুর এলাকায় ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। জয়দেবপুর রেলওয়ে জংশনের পুলিশ ফাঁড়ির এসআই মো. রাকিবুল হক জানান, শুক্রবার ভোরে ঢাকা-রাজশাহী রেলপথে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বয়স ৪০ বছর হতে পারে বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি।
এসআই রাকিবুল বলেন, সকালে ওই যুবক রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। তার পরনে সোনালি রঙের ব্লেজার, কালো প্যান্ট ও ফুলহাতা শার্ট রয়েছে বলে তিনি জানান।
