জ্বালানী তেলের বাজারে নিম্নমুখী প্রবণতা




আবারো নিম্নমুখী হয়ে পড়েছে জ্বালানি তেলের বাজার। গত বুধবার পণ্যটির দাম এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে আসে।
ওপেকভুক্ত দেশগুলোয় জ্বালানি তেলের উৎপাদন ছয় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ কমায় পণ্যটির দাম বাড়বে বলে ধারণা করা হচ্ছিল। তবে যুক্তরাষ্ট্রে অব্যাহত উৎপাদন বৃদ্ধির এ সম্ভাবনা কাটিয়ে বাজারকে উল্টো নিম্নমুখী করে তুলেছে।
এর আগে গত সোমবার সংস্কারের জন্য যুক্তরাজ্যের বৃহত্তম পাইপলাইন বন্ধের খবরে জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী হয়ে ওঠে। ওই দিন ব্রেন্টের দাম ৬৫ ডলার ছাড়িয়ে যায়।
যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) জানিয়েছে, ৮ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটিতে অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক উৎপাদন ৭৩ হাজার ব্যারেল বেড়ে ৯৭ লাখ ৪০ হাজার ব্যারেলে পৌঁছেছে।
ওপেকের মাসিক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে উৎপাদন প্রত্যাশার চেয়ে বেশি বাড়ছে। এ কারণে ২০১৮ সাল শেষ হওয়ার আগে জ্বালানি তেলের বাজারে স্থিতিশীলতা ফিরে নাও আসতে পারে। প্রতিবেদনে ওপেকবহির্ভূত দেশগুলোয় পণ্যের দৈনিক সরবরাহের প্রবৃদ্ধি ১ লাখ ২০ হাজার ব্যারেল বাড়িয়ে ৯ লাখ ৯০ হাজার ব্যারেলে উন্নীত করা হয়েছে।
ওপেক জানিয়েছে, গত নভেম্বরে সদস্য দেশগুলোয় জ্বালানি তেলের দৈনিক উৎপাদন ১ লাখ ৩৩ হাজার ৫০০ ব্যারেল কমে ৩ কোটি ২৫ লাখ ৫০ হাজার ব্যারেলে নেমে এসেছে। ওপেকভুক্ত দেশগুলোয় পণ্যটির এ উৎপাদন ছয় মাসের মধ্যে সর্বনিম্ন।
ক্লিপারডাটার পণ্যবাজার গবেষণা বিভাগের পরিচালক ম্যাট স্মিথ বলেন, গ্যাসোলিনের মজুদ দাম বৃদ্ধির ধারাকে প্রশমন করছে। আর অপরিশোধিত ও পাতিত পণ্যের নিম্নমুখী ধারা পটভূমি তৈরিতে সহায়তা করছে।
তিনি বলেন, পরিশোধনাগারগুলো সচল থাকার কারণে অপরিশোধিত পণ্যের মজুদ কমছে। অপরিশোধিত পণ্যের আমদানিও নিয়ন্ত্রণে আছে।
এদিকে জানুয়ারিতে সরবরাহের চুক্তিতে গ্যাসোলিনের দাম ৩ শতাংশ কমেছে। এদিন পণ্যটি গ্যালনপ্রতি ১ দশমিক ৬৪৭ ডলারে লেনদেন হয়, যা ১৯ অক্টোবরের পর থেকে সর্বনিম্ন। জানুয়ারিতে সরবরাহের চুক্তিতে হিটিং অয়েলের দাম কমেছে ১ দশমিক ৫ শতাংশ। এদিন পণ্যটি গ্যালনপ্রতি ১ দশমিক ৯০৪ ডলারে লেনদেন হয়।
আরও পড়ুন;
বেড়েছে জ্বালানী তেলের দাম  
আড়াই বছরে সর্বোচ্চ অবস্থানে জ্বালানি তেলের দাম
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সংশয় বাড়ছে    
জ্বালানি তেল রফতানি কমাচ্ছে সৌদি আরব