‘সবসময় নিজস্বতা ধরে রাখো, নিজেকে প্রকাশ করো, নিজের উপর বিশ্বাস রাখো। সফল ব্যক্তিত্ব খুঁজে বেড়ানো আর তাদের নকল করে তাদের মতো হওয়ার চিন্তা বাদ দাও।’ এই উক্তিটি যিনি করেছিলেন তিনি তার বহুমুখী প্রতিভা এবং পরিশ্রমের জোড়ে জায়গা করে নিয়েছেন ইতিহাসের পাতায়।
ভাবুন তো দড়ির মতো পেশি নিয়ে লিকলিকে একজন মানুষ শুইয়ে ফেলছে পুরো এক ঝাঁক ষন্ডামার্কা গুন্ডাকে। সরল কিন্তু ক্ষুরধার চাহনি, সঙ্গে অদ্ভূত এক কৌশল প্রয়োগ করছে লোকটা! রূপালি পর্দায় লোকটার কান্ডকীর্তি দেখে সবাই ভিমড়ি খাওয়ার যোগাড়। স্বকীয় একটা ভাবমূর্তি গড়ে তুলতে সময় লাগেনি তাঁর। খুব অল্প সময়েই এশিয়ায় সুপারস্টার হয়ে উঠেন পাঁচ ফুট সাড়ে সাত ইঞ্চির এই হ্যাংলা যুবক। যার ধ্যান জ্ঞান মার্শাল আর্ট।
তিনি আর কেউ নন তিনি – ব্রুস লি। একাধারে একজন চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক, চিত্রনাট্য রচয়িতা, শিক্ষক, দার্শনিক এবং ‘জিৎ কুনে দো’ নামক নতুন ধরনের মার্শাল আর্ট এর প্রতিষ্ঠাতা।
প্রায় চার দশক আগে আজকের এই দিনে সেই মার্শাল আর্ট সুপারস্টার পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। এই সুপারস্টারের প্রয়াণ দিবসে আসুন জেনে নেয়া যাক ব্রুস লি সম্পর্কে কিছু অজানা তথ্য;
১. ওয়ান টু চা চা চা… ঊষা উত্থুপের এই গান নিশ্চয়ই শুনেছেন। ব্রুস লি ছিলেন এই চা চা ডান্স স্টাইলের ওস্তাদ। ১৯৫৮’য় হংকংয়ে আয়োজিত চা চা চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন।
২. ব্রুস লি বিখ্যাত বক্সার মোহাম্মদ আলির বিরাট বড় ফ্যান ছিলেন। টিভিতে আলির ফাইট মুগ্ধ হয়ে দেখতেন। তার ইচ্ছা ছিল আলির সঙ্গে ফাইট করার।
৩. ব্রুস লি’র আঙুলের এত জোর ছিল যে, তিনি কোল্ড ড্রিঙ্কসের ক্যান ফুটো করে দিতে পারতেন। বলে রাখা দরকার, ওই ক্যান পাতলা অ্যালুমিনিয়ামের নয়, স্টিলের হত।
৪. অস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা জ্যাকি চ্যান তার ফিল্মের কেরিয়ার শুরু করেন ব্রুস লি’র স্টান্টম্যান হিসাবে। তিনি ব্রুস লি’র বড় ভক্ত।
৫. রুস লি ছিলেন একজন সত্যিকারের শিল্পী! ব্রুস লির নানান দিকে আগ্রহ ছিল। অবসরে তিনি ছবি আঁকতে পছন্দ করতেন। তাছাড়া কবিতাও লিখতেন তিনি! মার্শাল আর্ট আর ফাইটিংয়ের দৃশ্য বেশি আঁকতে পছন্দ করতেন তিনি। তার নিজের সংগ্রহের ২০০০ এর উপর বই নিয়ে একটি লাইব্রেরিও আছে। নতুন কিছু পড়তে তার খুবই ভালো লাগতো।
৬. সেই ১৯শতকেই তিনি এক ঘণ্টা মার্শাল আর্ট শেখানোর জন্য ২৭৫ ডলার নিতেন। বর্তমানে এই অর্থের মূল্য দেড় লাখ টাকা।
৭. ব্রুস লি’র এক বিশেষ ক্ষমতা ছিল। তিনি নাকি একই সঙ্গে টিভি দেখতেন, বই পড়তেন এবং মার্শাল আর্ট প্র্যাকটিসও করতেন।
৮. ব্রুস লি চাইনিজ নন! অনেকের ধারণা তার জন্ম চীনে। কিন্তু মূলত তার জন্ম হয়েছিলো সানফ্রান্সিসকোতে। বেড়ে ওঠা হংকংয়ে। তার দাদী ছিলেন একজন জার্মান ভদ্রমহিলা।
৯.ব্রুস লি’র মৃত্যু নিয়ে এখনো গুঞ্জন চলে। কেউ বলে বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে। আবার কারো ধারণা তার মৃত্যুর সাথে পরিবারের অভিশাপ জড়িত। কেউই ঠিক জানে না কেন হুট করে এমন সুস্বাস্থ্যবান একজন মানুষ চোখের পলকে মারা গেলো। হংকংয়ের কাউলুন টং এর বাড়িতে মারা যাওয়ার আগে তিনি বলেছিলেন তারা মাথা ব্যথা। এজন্যে ঔষুধ খেয়েছিলেন। এরপরই রহস্যজনকভাবে মাত্র ৩২ বছর বয়সেই এ তারকার মৃত্যু হয়।
১০. ব্রুস চোখে কম দেখতেন। তাই মার্শাল আর্ট অনুশীলনের সময় দৃষ্টির চেয়ে স্পর্শের উপর বেশি নির্ভর করতেন। যার ফলে তার মার্শাল আর্টের মুভগুলো অনেকাংশেই নির্ভুল হত।
