বৈশ্বিক চিনি উৎপাদনের পূর্বাভাস আরেক দফা বাড়িয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ইনফরমার এগ্রিবিজনেস ইন্টেলিজেন্স বিভাগ। মূলত ভারত, থাইল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় আখের বাম্পার ফলনের জের ধরে চিনি উৎপাদন বাড়তে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, এবারের মৌসুম শেষে বৈশ্বিক চিনি উৎপাদন আগের প্রাক্কলনের তুলনায় ৮ শতাংশ বাড়তে পারে।
ইনফরমার সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, ২০১৭-১৮ মৌসুম শেষে চিনির বৈশ্বিক উৎপাদন দাঁড়াতে পারে ১৯ কোটি ২০ লাখ টনে, যা প্রতিষ্ঠানটির আগের প্রাক্কলনের তুলনায় ৮ শতাংশ বেশি। প্রতিষ্ঠানটির
বিশ্লেষক এফও লিচট বলেন, ইইউভুক্ত দেশগুলোয় চিনি উৎপাদনের কোটা শিথিল করায় পণ্যটির উৎপাদন বিপুল পরিমাণে বাড়তে পারে। পাশাপাশি ভারত, থাইল্যান্ডসহ বেশ কয়েকটি দেশে এবারের মৌসুমে আখের বাম্পার ফলন হয়েছে। ফলে মৌসুম শেষে এসব দেশেও চিনি উৎপাদন আগের বছরের তুলনায় বাড়বে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে ২০১৭-১৮ মৌসুমে চিনির বৈশ্বিক উৎপাদনেও তেজিভাব বজায় থাকবে।
এদিকে ২০১৭-১৮ মৌসুমে ইইউভুক্ত দেশগুলোয় চিনির সম্মিলিত উৎপাদন পূর্বাভাস বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, এবারের মৌসুম শেষে ইইউভুক্ত দেশগুলোয় সম্মিলিতভাবে দুই কোটি টন চিনি উৎপাদন হতে পারে, যা আগের প্রাক্কলনের তুলনায় ৩০ লাখ টন বেশি।
অন্যদিকে ২০১৭-১৮ মৌসুম শেষে বিশ্বের শীর্ষ পঞ্চম চিনি উৎপাদনকারী দেশ থাইল্যান্ডে ১ কোটি ২০ লাখ টন চিনি উৎপাদন হতে পারে, যা প্রতিষ্ঠানটির আগের প্রাক্কলনের তুলনায় ১৭ লাখ টন বেশি। এদিকে ২০১৭-১৮ মৌসুম শেষে ভারতে রেকর্ড ২ কোটি ৫১ লাখ টন চিনি উৎপাদনের পূর্বাভাস দেয়া হয়েছে।
আরও পড়ুন; কেজিতে ৭ টাকা বেড়েছে চায়ের দাম
বাড়তি সরবরাহে নিম্নমুখী চায়ের দাম
পর্যাপ্ত সরবরাহ সত্ত্বেও বাড়ছে চায়ের দাম
রেকর্ড ছাড়াবে চিনির বৈশ্বিক উৎপাদন
চিনির বদলে ইথানল উৎপাদনে আগ্রহী ব্রাজিল
