ছিনতাইকারীর কবলে মা, প্রাণ গেল শিশুর




রাজধানীর দয়াগঞ্জে ছিনতাইকারীর কবলে পড়ে সাত মাসের সন্তানকে হারিয়েছেন আকলিমা নামের শরিয়তপুরের এক মা। ছিনতাইয়ের শিকার মায়ের কোল থেকে পড়ে শিশুটি নিহত হয়েছে।
আজ সোমবার সকালে রাজধানীর দয়াগঞ্জে এ ঘটনা ঘটে।নিহত শিশুর নাম আরাফাত। তার বয়স মাত্র সাত মাস। তার বাবার নাম শাহ আলম গাজী ও মায়ের নাম আকলিমা বেগম। তাঁদের বাড়ি শরীয়তপুর সদর উপজেলার নরসিংপুর গ্রামে।
শিশুটির পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, শাহ আলম ও আকলিমা দম্পতির বড় ছেলে আলামিন অসুস্থ থাকায় তার চিকিৎসার জন্য তাঁরা সবাই আজ ঢাকায় আসেন। সকালে সদরঘাটে নামার পর শাহ আলম বড় ছেলে আলামিনকে নিয়ে শ্যামলীর শিশু হাসপাতালে যান। মা আকলিমা ছোট ছেলে আরাফাতকে নিয়ে রিকশায় করে শনির আখড়ায় বোনের বাসায় যাচ্ছিলেন। পথে দয়াগঞ্জ মোড়ে ছিনতাইকারীরা আকলিমার হাতে থাকা ব্যাগ চলন্ত রিকশা থেকে থাবা দিয়ে নিয়ে নেয়। এ সময় তাঁর কোলে থাকা শিশু আরাফাত রাস্তায় পড়ে যায়।
আহত শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।