বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বাড়ির মালিক কে জানেন?




বিশ্বের সবচেয়ে বিলাস বহুল বাড়ির রহস্যময় ক্রেতা কে, বিষয়টি এতদিন অজানা ছিল। তবে সম্প্রতি খোলাসা হয়েছে এই রহস্যের। ২০১৫ সালে কেনা বাড়িটির মালিক সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। বিভিন্ন শেল কোম্পানির মাধ্যমে বাড়িটি তিনি কিনেছেন।
বিভিন্ন দলিলপত্রে দেখা যাচ্ছে বাড়িটির মালিক একটি ইনভেস্টমেন্ট কোম্পানি, যা প্রিন্স মোহাম্মদের ব্যক্তিগত ফাউন্ডেশন পরিচালনা করে। প্রতিবেদনটি নিয়ে সৌদি সরকার কোন মন্তব্য করেনি। তবে ওয়াশিংটনে সৌদি দূতাবাসের একজন মুখপাত্র বলেছেন, নিউ ইয়র্ক টাইমস ব্যক্তিগত তথ্য দিয়ে উদ্দেশ্যমূলক ভাবে ওই রিপোর্ট করেছে।
শ্যাঁতু লুই ফোরটিন নামের বাড়িটি ১৭ শতকে ফ্রান্সের ভার্সাই প্রাসাদের আদলে তৈরি করা হয়েছে। প্রাসাদটির কাছেই বাড়িটি অবস্থিত। ঊনবিংশ শতাব্দীতে দুর্গ হিসেবে নির্মিত বাড়িটিকে ২০০৯ সালে পুনর্নির্মাণ করা হয়। বাড়িটিতে একটি ওয়াইন সেলার এবং একটি সিনেমা হল রয়েছে। বাড়িটি ঘিরে চারদিক থেকে পরিখা খনন করা রয়েছে। আর পানির নিচে রয়েছে একটি বিশেষ চেম্বার। ২০১৫ সালে বাড়িটিকে ফরচুন ম্যাগাজিন বিশ্বের সবচাইতে দামী বাড়ি বলে আখ্যা দিয়েছে। বাড়িটিতে থাকা ফোয়ারা এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, আলো এবং মিউজিক সিস্টেম স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব।
সাম্প্রতিক মাসগুলোতে প্রিন্স মোহাম্মদ সৌদি আরবে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে নজিরবিহীন অভিযান পরিচালনা করছেন। এসব অভিযানে আটক কয়েকজন প্রিন্স, মন্ত্রী এবং বিলিয়নিয়ারসহ প্রভাবশালী কয়েক ডজন সৌদি ব্যক্তিত্বকে রিয়াদের পাঁচতারকা হোটেল রিৎজ-কার্লটনে বন্দি রাখা হয়েছে।
এর আগে, ২০১৫ সালে প্রিন্স মোহাম্মদ এক রুশ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৬০ কোটি ডলার খরচ করে একটি ইয়ট কিনেছিলেন। গত মাসে রেকর্ড দামে বিক্রি হওয়া লিওনার্দো দা ভিঞ্চির চিত্রকর্মটির মালিক ছিলেন প্রিন্স মোহাম্মদ। ‘স্যালভ্যাতো মুন্ডি (বিশ্বের ত্রাণকর্তা বা সেভিয়র অফ দ্য ওয়ার্ল্ড)” নামে পরিচিত ঐ চিত্রকর্মটি সংযুক্ত আরব আমিরাতে দ্য ল্যুভর মিউজিয়ামে শোভা পেতে যাচ্ছে।