আন্তর্জাতিক কৃষিপণ্যের দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। গত সপ্তাহে ভুট্টা, গম ও সয়াবিনের গড় দাম আগের সপ্তাহের তুলনায় কমেছে।
মূলত লাতিন আমেরিকার দেশগুলোয় বিদ্যমান বৈরী আবহাওয়া কিছুটা স্বাভাবিক হয়ে আসার খবরে এসব দেশ থেকে আন্তর্জাতিক বাজারে সরবরাহ বৃদ্ধির সম্ভাবনায় এ সময় কৃষিপণ্যের দাম কমেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
সর্বশেষ সপ্তাহে প্রতি বুশেল (৬০ পাউন্ড) ভুট্টার গড় দাম আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক ৪৯ শতাংশ কমেছে। এ সপ্তাহে মার্চে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল ভুট্টা বিক্রি হয় ৩ ডলার ৪৭ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ৫ দশমিক ২৫ সেন্ট কম। একইভাবে নিম্নমুখী ছিল গমের বাজার। সর্বশেষ সপ্তাহে সিবিওটিতে প্রতি বুশেল গমের গড় দাম আগের সপ্তাহের তুলনায় দশমিক ১৮ শতাংশ কমেছে। এ সময় মার্চে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল গম বিক্রি হয় ৪ ডলার ১৮ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ৭৫ সেন্ট কম।
একই চিত্র বজায় ছিল সয়াবিনের বাজারেও। এ সময় খাদ্যপণ্যটির গড় দাম আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক ৪৯ শতাংশ কমেছে। সর্বশেষ সপ্তাহে সিবিওটিতে প্রতি বুশেল সয়াবিন বিক্রি হয় ৯ ডলার ৬৭ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ২২ দশমিক ৫ সেন্ট কম। সিবিওটিতে টানা দুই সপ্তাহ ধরে কৃষিপণ্যের দামে নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক এজিরিসোর্স কোম্পানির এক নোটে বলা হয়, ব্রাজিল, আর্জেন্টিনাসহ লাতিন আমেরিকার দেশগুলোয় বৈরী আবহাওয়া কাটতে শুরু করেছে। ফলে এসব দেশ থেকে গম, ভুট্টা ও সয়াবিনের সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে গত নভেম্বরে এ তিনটি খাদ্যপণ্যের মজুদ আগের মাসের তুলনায় বেড়েছে বলে সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)।
আরও পড়ুন; কেজিতে ৭ টাকা বেড়েছে চায়ের দাম
বাড়তি সরবরাহে নিম্নমুখী চায়ের দাম
পর্যাপ্ত সরবরাহ সত্ত্বেও বাড়ছে চায়ের দাম
রেকর্ড ছাড়াবে চিনির বৈশ্বিক উৎপাদন
চিনির বদলে ইথানল উৎপাদনে আগ্রহী ব্রাজিল
