বিল গেটসের পছন্দ টয়লেট!




অক্ষয় কুমার ও ভূমি পেনডেকর অভিনীত ‘টয়লেট: এক প্রেম কথা’ ছবির গল্প নাকি বিল গেটসের হৃদয় ছুঁয়ে গেছে। এ বছর বিল গেটসের দেখা সেরা ছয় ছবির মধ্যে এই ভারতীয় ছবিটি আছে।
গতকাল মঙ্গলবার বিল গেটস একটি টুইটে লিখেন, ‘টয়লেট: আ লাভ স্টোরি, নববিবাহিত এক দম্পতিকে নিয়ে তৈরি বলিউডের রোমান্টিক ধাঁচের ছবি। এটি ভারতের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে দর্শকদের অনেক সচেতন করবে।’
বিল গেটসের পছন্দ টয়লেট!
উল্লেখ্য, শ্রী নারায়ন সিং পরিচালিত ‘টয়লেট এক প্রেম কথা’ ভারত সরকারের ‘স্বচ্ছ ভারত অভিযান’ প্রকল্পের একটি অংশ হিসেবে নির্মিত হয়েছে। এ সিনেমায় অক্ষয়ের বিপরীতে দেখা গেছে ‘জোর লাগা কে হাইশা’ অভিনেত্রী ভূমি পেড়নেকড়কে। এতে আরও অভিনয় করেছেন অনুপম খের, দিব্যেন্দু শর্মা, সানা খান প্রমুখ।
‘টয়লেট: এক প্রেম কথা’ তৈরি হয় ১৮ কোটি রুপির বাজেটে। আর বক্স অফিসে এটি আয় করেছে ২১৬ কোটি রুপিরও বেশি।
এই ছবির গল্পে দেখা যায়, ভূমি বিয়ের পর শ্বশুরবাড়ি এসে জানতে পারে সেখানে কোনো টয়লেট নেই। রোজ কাকডাকা ভোরে গ্রামের নারীরা দল বেঁধে জঙ্গলে প্রকৃতির ডাকে সাড়া দিতে যায়। এটাই নিয়ম। কিন্তু শিক্ষিত মেয়ে ভূমি তা মেনে নিতে পারেন না। রাগ করে সে স্বামীর বাড়ি ছেড়ে চলে আসে।
স্বামী অক্ষয় কুমার স্ত্রীর মান ভাঙানোর জন্য এক সচেতনতামূলক প্রচারণা শুরু করেন। গ্রামবাসীর কুসংস্কার আর অন্ধত্বের বিরুদ্ধে লড়াই করে তিনি বাড়ির ভেতর শৌচাগার তৈরি করেন।