চতুর্থ শ্রেণি পর্যন্ত প্রশ্ন ফাঁসে দায় নেই সরকারের




বিভিন্ন স্থানে প্রথম থেকে চতুর্থ শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁসে সরকারের কোনো দায় নেই। প্রথম থেকে চতুর্থ শ্রেণির পরীক্ষার প্রশ্ন সরকার করে না। এসব পরীক্ষার প্রশ্ন হয় উপজেলা পর্যায়ে।
আজ বুধবার সংসদীয় কমিটির বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন।
তিনি বলেন, কীভাবে প্রথম থেকে চতুর্থ শ্রেণিতে প্রশ্ন ফাঁস হচ্ছে, তা তাঁরা জানেন না। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে কমিটি।
সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সংসদীয় কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন বলেন, “প্রাথমিকের প্রথম থেকে চতুর্থ শ্রেণির প্রশ্ন করে স্থানীয় শিক্ষক সমিতি। এখানে সরকার বা মন্ত্রণালয়ের হাত নেই। তারপরেও পরীক্ষা বন্ধ করায় তাদের ধন্যবাদ জানাই।”
মোতাহার হোসেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী। দায়িত্বে থাকার সময়ের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, প্রাথমিক সমাপনী পরীক্ষার (পিইসি) আগে তিনি কয়েক সেট প্রশ্ন কিনেছিলেন। কিন্তু এর একটিও মেলেনি। মোতাহার হোসেন বলেন, তিনি ১৯৬৫ সালে এসএসসি (ম্যাট্রিকুলেশন) পাস করেন। সে সময়ও প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল।
কয়েক বছর ধরেই বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের খবর সংবাদ মাধ্যমে এলেও এবার এর ব্যাপকতা পৌঁছেছে প্রাথমিক স্তরে।
শিক্ষা মন্ত্রণালয়ের নানা উদ্যোগের পরও অষ্টম ও পঞ্চমের সমাপনীর অনেক বিষয়ের প্রশ্ন পরীক্ষা শুরুর আগেই চলে আসে সামাজিক যোগাযোগের মাধ্যমে। সবশেষ নাটোর, মুন্সীগঞ্জ ও বরগুনার বেতাগীতে প্রথম থেকে চতুর্থ শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের খবর এসেছে। গত ১২ ডিসেম্বর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় মুন্সীগঞ্জ সদরের ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা হয়নি। এরপর ১৬ ডিসেম্বর বরগুনার বেতাগী উপজেলায় দ্বিতীয় শ্রেণির প্রশ্ন ফাঁসের খবর আসে গণমাধ্যমে। এ ঘটনায় উপজেলার ১৪০টি স্কুলে সব শ্রেণির পরদিনের গণিত পরীক্ষা বাতিল করা হয়।
বরগুনার ঘটনার দুই দিনের মাথায় (১৮ ডিসেম্বর) নাটোরের সদর উপজেলায় প্রথম ও চতুর্থ শ্রেণির গণিত পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ আসার পর ওইদিনের পরীক্ষা বাতিল করা হয়।