সর্বনিম্নে দুগ্ধপণ্যের মূল্যসূচক




আন্তর্জাতিক নিলামে দুগ্ধপণ্যের মূল্যসূচক আগের নিলামের তুলনায় ৩ দশমিক ৯ শতাংশ কমেছে, যা বিগত ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত সর্বশেষ গ্লোবাল ডেইরি ট্রেড অকশনের (জিডিটি) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জিডিটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এবারের নিলামে সর্বোচ্চ ৩২ হাজার ৬০৫ টন দুগ্ধজাত পণ্য সরবরাহ হয়েছিল। এর মধ্যে ২৯ হাজার ৫৯২ টন দুগ্ধজাত পণ্য বিক্রি হয়েছে, যা আগের নিলামের তুলনায় ৭৮ টন বেশি। সর্বশেষ নিলামে দুগ্ধপণ্যের গড় দাম দাঁড়িয়েছে টনপ্রতি ২ হাজার ৯৬৯ ডলার। দুগ্ধপণ্যের মূল্যসূচক দাঁড়িয়েছে ৯৩৫ পয়েন্টে, যা আগের নিলামের তুলনায় ৩ দশমিক ৯ শতাংশ কম। ২০১৬ সালের অক্টোবরের পর সর্বশেষ জিডিটিতে দুগ্ধপণ্যের মূল্যসূচক সবচেয়ে কম ছিল। সর্বশেষ জিডিটিতে ননিমুক্ত গুঁড়ো দুধের দাম অপ্রত্যাশিতভাবে কমেছে। এছাড়া ননিযুক্ত গুঁড়ো দুধ, মাখন ও পনিরের দামেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।
এবারের আন্তর্জাতিক নিলামে মার্চে সরবরাহের চুক্তিতে প্রতি টন ননিমুক্ত গুঁড়ো দুধ বিক্রি হয় ২ হাজার ৭৫৫ ডলারে, যা আগের নিলামের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ কম। এছাড়া মার্চে সরবরাহের চুক্তিতে প্রতি টন ননিযুক্ত গুঁড়ো দুধ বিক্রি হয় ১ হাজার ৬৭৫ ডলারে, যা আগের নিলামের তুলনায় ৪ দশমিক ৮ শতাংশ কম। সর্বশেষ আন্তর্জাতিক নিলামে মাখনের দাম আগের নিলামের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ কমেছে। মার্চে সরবরাহের চুক্তিতে প্রতি টন মাখন বিক্রি হয়েছে ৪ হাজার ৪৭৪ ডলারে। পনিরের দাম কমেছে আগের নিলামের তুলনায় ৭ দশমিক ৯ শতাংশ। এ সময় মার্চে সরবরাহের চুক্তিতে প্রতি টন পনির বিক্রি হয় ৩ হাজার ৩৮৯ ডলারে।
ডেইরি কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব নিউজিল্যান্ডের (ডিসিএএনজেড) সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের নভেম্বরে দেশটিতে ননিমুক্ত গুঁড়ো দুধের উৎপাদন আগের মাসের তুলনায় ৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় পণ্যটির মজুদ বেড়ে চার লাখ টনে উন্নীত হওয়ার খবর মিলেছে।
এদিকে ইউরোপীয় কমিশনের (ইসি) প্রতিবেদনে চলতি বছরের সেপ্টেম্বরে ইইউভুক্ত দেশগুলোয় তরল দুধ উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭ শতাংশ বৃদ্ধির তথ্য জানানো হয়েছে। এসব তথ্যের প্রভাবে দুগ্ধপণ্যের আন্তর্জাতিক নিলামে পণ্যটির দাম কমেছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।