জেরুজালেম প্রসঙ্গে বিপক্ষে থাকা দেশগুলোকে আর্থিক সহায়তা বন্ধের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুসালেমের নাম প্রত্যাহারের প্রস্তাবে আজ জাতিসংঘের সাধারণ পরিষদে ভোট অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
এর আগে সোমবার মিশর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জেরুসালেম প্রশ্নে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে। ১৪টি সদস্য দেশ সে প্রস্তাবের পক্ষে ভোট দিলেও স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ভেটো দেয়ায় প্রস্তাবটি বাতিল হয়ে যায়। খসড়া প্রস্তাবে যুক্তরাষ্ট্রের নাম সরাসরি না আসলেও জেরুসালেম সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত বাতিল করার প্রস্তাব ছিল এখানে।
ট্রাম্প বলেন, “ঐসব দেশ আমাদের কাছ থেকে অর্থ সহায়তা নিয়েছে, আবার নিরাপত্তা পরিষদে আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে। তাদের এসব করতে দিন। আমরা টাকা সঞ্চয় করবো, আমরা কোন পরোয়া করিনা।”
একজন সিনিয়র কূটনীতিক বলেন, ট্রাম্প প্রশাসন জাতিসংঘে ইসরায়েলের পক্ষ নেয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিল। কিন্তু নিরাপত্তা পরিষদে পাস না হওয়া প্রস্তাব তোলা মিসরকে যুক্তরাষ্ট্র আর্থিক সহযোগিতা দেয়া বন্ধ করে দেবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।
জাতিসংঘের সাধারণ সভায় উঠতে যাওয়া খসড়া প্রস্তাব মিসরের আবেদনের ওপর ভিত্তি করে নেয়া হয়েছে।
বিশ্বের অন্যান্য দেশের নেতারা জেরুজালেম ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়ায় বৃহস্পতিবারের সাধারণ সভায় যুক্তরাষ্ট্র যে কোণঠাসা হয়ে পড়বে তা নিশ্চিত।
ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বের কেন্দ্রে এখন জেরুজালেম ইস্যু। ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে এটিকে তাদের অবিভক্ত রাজধানী ঘোষণা করে। আগে এটি জর্ডানের অধীনে ছিল। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী বানাতে চায়। শান্তি আলোচনার পরবর্তী ধাপে এই বিষয় নিয়ে জেরুজালেমের ওপর ইসরায়েলের সার্বভৌম অধিকার কখনোই আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়নি।
সব দেশের দূতাবাস তাই তেল আভিভেই স্থাপন করা হয়। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প পররাষ্ট্র মন্ত্রণালয়কে তার দেশের দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করার নির্দেশ দিয়েছেন। জেরুজালেম ইস্যুতে যুক্তরাষ্ট্রের বহুবছরের নীতিগত অবস্থান পরিবর্তন করায় ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে আরব ও মুসলিম রাষ্ট্রগুলোর অনুরোধে বৃহস্পতিবার জাতিসংঘ ১৯৩ সদস্যের একটি জরুরি সাধারণ সভা ডেকেছে। নিরাপত্তা পরিষদের বাকি ১৪ সদস্য দেশ প্রস্তাবের পক্ষে অবস্থান নিলেও জাতিসংঘের যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি নিকি হ্যালে এটিকে “অপমান” হিসেবে আখ্যায়িত করেন।
