এশিয়ায় বিটকয়েনের ব্যাপক দরপতন




হ্যাক আতংকে এশিয়ার বাজারে বিটকয়েন ব্যাপক দরপতন হয়েছে। তবে দিন শেষে সেটি আবার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার একটি এক্সচেঞ্জ হ্যাক হয়েছে এমন গুজবে এই ভার্চুয়াল মুদ্রা প্রায় ১৫ শতাংশ দর হারায়।
এ বিষয়ে নমুরা রিসার্চ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ কনসালট্যান্ট রাইতা ইয়ামাগুচি এএফপিকে বলেন, দক্ষিণ কোরিয়ার এক্সচেঞ্জটি হ্যাক হওয়া এবং যুক্তরাষ্ট্রের কমিশনের এ সিদ্ধান্ত আজকের বাজারকে (বুধবার) প্রভাবিত করেছে। তবে তিনি আরো বলেন, বিটকয়েন বাজারে দক্ষিণ কোরিয়ার খুব বেশি প্রভাব নেই।
টোকিওতে ১৮ হাজার ডলার দিয়ে শুরু হলেও দিনের শুরুর দিকে এটি ১৫ হাজার ৮১৫ দশমিক ৭৮ ডলারে নেমে আসে। অবশ্য বিকালের দিকে এর দর ছিল ১৬ হাজার ডলারের কাছাকাছি।
এদিকে, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ মঙ্গলবার বাজার কারসাজির আশঙ্কায় একটি জনপ্রিয় বিটকয়েনসংক্রান্ত শেয়ারের কেনাবেচা স্থগিত করে।
এ সপ্তাহের গোড়ায় রেকর্ড ১৯ হাজার ৫০০ ডলারে পৌঁছানো বিটকয়েন দক্ষিণ কোরিয়ার এক্সচেঞ্জ ইউবিট হ্যাকের খবরে দর হারায়। ইউবিট তাদের কার্যক্রম বন্ধ করে দেবে ও দেউলিয়া ঘোষণার প্রক্রিয়া শুরু করবে। বিটকয়েনের দর সেপ্টেম্বরের শেষ থেকে সোমবার সকাল পর্যন্ত ১ হাজার ৭০০ শতাংশ বৃদ্ধি পেয়েছিল ও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এ পরিস্থিতিতে হস্তক্ষেপ করে আগামী জানুয়ারির ৪ তারিখ পর্যন্ত এর লেনদেন স্থগিত রাখে।