শাহবাগে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, আটক ১৩




ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ১৩ জনকে আটক করা হয়েছে। রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা।
কলেজগুলো হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মিরপুর বাংলা কলেজ।
আটক নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশের মারধরে তাঁদের কয়েকজন আহত হয়েছেন। সেখান থেকে ১৩ জনকে আটক করেছে পুলিশ। তবে পুলিশ বলছে, শাহবাগ মোড়ে রাস্তা বন্ধ করতে চাওয়ায় শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া ও আটক করা হয়েছে।
বেলা ১১টা ২০ মিনিটের দিকে পুলিশ শিক্ষার্থীদের সেখান থেকে সরে যেতে বলে। এরপর শিক্ষার্থীদের একটি অংশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশের পদচারী সেতুর কাছে চলে যায়। পুলিশ এ সময় তাঁদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে। শিক্ষার্থীরা অভিযোগ করেছে, পুলিশ তাঁদের লাঠিপেটা করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, শিক্ষার্থীরা শাহবাগ ও এর আশপাশের এলাকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
এবিষয়ে  পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আজিমুল হক বলেন, শুরু থেকেই শিক্ষার্থীদের তারা শহীদ মিনার অথবা জাতীয় প্রেসক্লাব এলাকায় যেতে বলছিলেন। তখন শিক্ষার্থীরা ১০ মিনিট সময় চান। কিন্তু তাঁদের আধঘণ্টা সময় দেওয়া হয়। তিনি বলেন, এরপর একদল ‘উচ্ছৃঙ্খল শিক্ষার্থী’ শাহবাগ মোড়ে রাস্তা বন্ধ করতে চাইছিলেন। এ জন্য তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।