ক্ষতিগ্রস্ত হচ্ছে যুক্তরাজ্যের অর্থনীতি




ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রস্থানের সিদ্ধান্ত এরই মধ্যে যুক্তরাজ্যের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে শুরু করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
এদিকে ব্রেক্সিটের পর ইউরোপীয় ব্যাংকগুলোকে বিদ্যমান বিধি অনুসারে যুক্তরাজ্যে কার্যক্রম পরিচালনার অনুমোদন দেয়ার পরিকল্পনা করেছে ব্যাংক অব ইংল্যান্ড (বিওই)। এর মধ্য দিয়ে মূলত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিয়ন্ত্রকদের ওপর যুক্তরাজ্যভিত্তিক ব্যাংকগুলোর জন্যও একই ধরনের নীতি গ্রহণের চাপ তৈরি করা হবে বলে মনে করা হচ্ছে।
যুক্তরাজ্যের অর্থনীতির স্বাস্থ্য নিয়ে দুই সপ্তাহের একটি মূল্যায়ন শেষে আইএমএফ প্রধান ক্রিস্টিন লাগার্দে বলেন, গত বছর ইইউ গণভোটের আগে তহবিল যে পূর্বাভাস দিয়েছিল, যুক্তরাজ্যের অর্থনীতিতে তার অধিকাংশই বাস্তবায়িত হতে দেখা গেছে।
এ বিষয়ে লাগার্দে আরো বলেন, আমাদের আশঙ্কা যদি ব্রেক্সিট সিদ্ধান্ত বহাল থাকে, তবে তা পাউন্ডের মানে ব্যাপক অবমূল্যায়ন ঘটাবে, মূল্যস্ফীতি বৃদ্ধি ও মজুরি সংকুচিত হবে এবং বিনিয়োগ মন্থর হওয়ার পাশাপাশি কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। আইএমএফ প্রধান বলেন, আমি জানি অনেকে এর সমালোচনা করবেন। কিন্তু গত বছর মে মাসে আমরা যে সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে ছিলাম, তা বাস্তবায়িত হতে দেখা যাচ্ছে। এবং এটা কেবল বিশ্লেষকরা বলছে তা নয় বরং যুক্তরাজ্যের অর্থনীতিতেই তা দেখা যাচ্ছে।
বুধবারে প্রকাশিত প্রতিবেদনে আইএমএফ জানায়, ব্রিটেন যে এরই মধ্যে বেক্সিট ভোটের মূল্য চুকাতে শুরু করেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ইউরোপ, যুক্তরাষ্ট্র ও জাপানে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঊর্ধ্বগতি অর্জন করলেও যুক্তরাজ্যের প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে।
এ পরিস্থিতিতে আইএমএফ চলতি বছরের জন্য যুক্তরাজ্যের প্রবৃদ্ধি পূর্বাভাস ১ দশমিক ৭ শতাংশ থেকে কমিয়ে ১ দশমিক ৬ শতাংশ করেছে। আগামী বছর প্রবৃদ্ধি আরো কমতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি। দুই সপ্তাহের মূল্যায়ন শেষে এক বিবৃতিতে তহবিলটি জানায়, বৈশ্বিক প্রবৃদ্ধিতে শক্তিশালী পুনরুদ্ধার ও সহায়ক সামষ্টিক অর্থনৈতিক নীতিমালা সত্ত্বেও যুক্তরাজ্যের ব্যক্তিগত গৃহস্থালি চাহিদার ওপর ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্তের প্রভাব পড়েছে। অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে উচ্চমাত্রার অনিশ্চয়তার কারণে শক্তিশালী বৈশ্বিক প্রবৃদ্ধি ও সক্ষমতা ব্যবহারের উচ্চ প্রেক্ষাপটেও যুক্তরাজ্যের ব্যবসা-বিনিয়োগ প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে নিচে রয়েছে।
এদিকে গত মাসে ব্যাংক অব ইংল্যান্ডের সুদহার বাড়ানোর সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে আইএমএফ। একই সঙ্গে যুক্তরাজ্য সরকারের কর ও ব্যয় নীতির প্রতিও সমর্থন জানিয়েছে তহবিলটি। আইএমএফ জানায়, সরকারি ব্যয়ের ক্রমবর্ধমান চাপের মধ্যে আরো ব্যয়সংকোচনের মাধ্যমে ঘাটতি হ্রাসের পরিবর্তে করহার বাড়িয়ে ঘাটতি হ্রাস করা উচিত।