যুক্তরাষ্ট্রের কালো তালিকায় মিয়ানমারের জেনারেল




মিয়ানমারের মেজর জেনারেল মাউং মাউং সোয়েকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধের জাতিগত নির্মূল অভিযানে নেতৃত্ব দেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয় তাকে।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ট্রেজারি থেকে এক সংবাদ বিজ্ঞপতিতে মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির অভিযোগ মোট ৫২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এর মধ্যে সোয়ের নামও রয়েছে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “ওই সময়ে মাউং সোয়ের অধীনে থাকা সেনাবাহিনীই মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ব্যাপক নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী।”
এছাড়া ৫২ জনের ওই তালিকায় পাকিস্তানের শল্যচিকিৎসক মুখতার হামিদ শাহ আছেন। তার বিরুদ্ধে দরিদ্র শ্রমিকদের অপহরণ করে তাদের অঙ্গ কেটে নেওয়ার অভিযোগ আছে। এই তালিকায় জাম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট ইয়াহইয়া জামেহও আছেন। এই নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি বা সংস্থার সম্পদ জব্দ করা হবে এবং যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক তাদের সঙ্গে লেনদেন করলে তাদেরও নিষিদ্ধ করা হবে।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভ মুচিন বলেন, ‘নিজেদের অপকর্মের জন্য তাদের চরমমূল্য দিতে হবে’ এই নিষেধাজ্ঞা তাদের সেই বার্তাই দিচ্ছে।