অগোচরে সমাধি (পর্ব ১)




কমলা হেঁসেলে বাটনা বাটছিল। ঘরের ভিতর ভারী কিছু পড়ার শব্দে বাট্না হাতেই ছুটে এলো ঝড়ের বেগে। ঘর থেকে বেরিয়ে আসছিল দীপক, দরজায় বৌদির সাথে মুখোমুখি হতেই থমকে দাঁড়ালো।
বৌদি দীপকের দিকে চেয়ে কোন কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করলো: কি হ’ল ঠাকুরপো? দরজায় কমলার কথা শুনে, শুভা কাপড় ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ালো। তার বাম পার্শ্বের চোয়ালটায় পাঁচটা আঙ্গুলের ছাপ রক্তের মত ফুটে উঠেছে। নুয়েপড়া শাড়ীর আঁচল ঠিক করতে করতে সে বেরিয়ে এলো।
কমলা দিদির কাছে দু’পা এগিয়ে ব্যস্ত কন্ঠে বলল: তোমাদের কি হ’ল দিদি? বলতে বলতে দিদির মুখে থাপ্পড়ের দাগ দেখে চিৎকার করে উঠলো: দিদি তোমাকে…..
কমলার কথা থামায়ে দিয়ে শুভা বল্ল: কিছু না, তুই যা দেখ রান্নাঘরে কি হলো।
দীপক ফিরে এসে বৌদিকে লক্ষ্য করে রুক্ষ স্বরে বলল: তোমাদের কিছুই হয়নি! বলি, দাদার টাকার দেখেছোটা কি? দাদা তো আর ছয় হাতে রোজগার করে না, যে তোমার আইবুড়ো দিদিটাকে বিয়ে দেওয়ার জন্য মাসে মাসে টাকা ছিটাবে। এটা তো কলিকাল, কোন সতীরকালে শুনেছ ছোট্ট বোনের বাড়ীতে বড় বোন আসে বিয়ে দাও! বিয়ে দাও! বলে? আগে তো খুব দেমাগ ছিল! একে পছন্দ হয়না, ওকে বিয়ে করবো না। এখন সে সব গেল কোথায়? বলি ভিটামাটি কি নেই যে, আত্মীয়তার সুযোগে দাদাকে এমন মুড়ে খাওয়া শুরু করেছ?
জ্যাঠাইমা পুকুর পাড় থেকে বাড়ীর ভিতর হৈ-চৈ শুনে, ছুটে আসছিল। দীপকের কথা আসতে আসতেই শুনছিল, সম্মুখে এসে কিছু বলতে যাবে, কিন্তু সে সুযোগ না দিয়ে দীপক জ্যাঠাইমার দিকে চেয়ে দ্রুত পায়ে বাড়ী থেকে বেরিয়ে গেল।
দিদির জন্য কথার খোঁচা, কমলা আজ থেকে সাত মাস আগে থেকেই বিভিন্ন মানুষের মুখে শুনে আসছে। কিন্তু দীপকের মুখে এমন কথা শুনে তার সহ্য হল না। মুখে কাপড় ̧জে দৌড়ে হেঁসেলে ঢুকে গেল। শুভাকে বড়
ছোট সকলেই, এমন কি চাকর-বাকর এবং প্রতিবেশীরা পর্যন্ত খোঁচা দিতে পারলে সুযোগ হাতছাড়া করে না। শুভা একথা জানে না এমন নয়। একমাত্র দীপক, যে ছিল তার দুঃখের সাথী, মনের জমে ওঠা কথা বলার একটু হাসবার জায়গা। আজ হঠাৎ করে সেও তার সাথে এমন করে বলতে পারলো! শুভার বুকের ভিতর একটা বেদনা উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে। সে ঘরের ভিতর ঢুকে গেল।
বাড়ীর ভিতর প্রতিবেশীরা কয়েক জন দাঁড়িয়ে ছিল তারাও একে একে চলে গেল, ঘটনা জানতে পেরে, তারা মনে মনে আনন্দিতই হয়েছে। এ বাড়ীতেই সাত-সাতজন ছেলে দেখেও পছন্দ হয়নি গরবীনির। আজ ঠিকই তার পরিণাম পেল সে।
জ্যাঠাইমা তখনও চীৎকার করে বলছে: আজ সতিশ বাড়ী আসুক, এর বিহিত সে করেই ছাড়বে, যতবড় মুখ নয় তত বড় কথা! বলি দীপক এ বাড়ীর কে? যে বড়দের সাথে এমন ব্যবহার করবে? আরো অনেক উচ্চবাচ্য বলে’ দীপকের উপর মনের রাগ মেটাচ্ছে। অপমান অনেকটা তার হওয়ার কারণ। তিনিই এবার শুভাকে নিয়ে এসেছেন। দূরের এক আত্মীয়ের মারফতে একজন ডাক্তার ছেলের খোঁজ পেয়েছে। তবে ডাক্তারের নাকি একখানা পা খোঁড়া। শুভাও নিজের জীবনটাকে নিয়ে ইদানিং বিতৃষ্ণায় অতিষ্ঠ হয়ে উঠেছে! যার তার হাতে নিজেকে সঁপে দিতে পারলেই যেন বিরাট এক বোঝা নামায়ে হাঁফ ছেড়ে বাঁচে। আগামীকাল মেয়ে দেখতে আসবে। পছন্দ হলে কালই পাকা হয়ে যাবে।
কমলার শাশুড়ি গত পরশু কাউকে না বলে সাধুর পানি পড়া এনে রেখেছে। এবার ঠিক বিয়ে হবেই। এ বিয়েতে শুভার যেমন অমত নেই, তেমনি মতও নেই। অতীত আর বর্তমান তাকে ভবিষ্যৎ থেকে সরিয়ে এনেছে অনেক দূরে। সে এখন কলের পুতুলের মত, যার হাতে যেমন তার হাতে তেমন। বেশ কিছু দিন আগে দীপকের সাথে পরামর্শ করেছিল। মনের মত মানুষ যখন পাওয়া যাবে না। বৃথা যার তার গলায় ঝুলে পড়ার চেয়ে, কোন স্কুল মাস্টারী করে জীবনটা কাটিয়ে দেবে। কিন্তু এবার মাউই মা তাকে জোর করেই নিয়ে এসেছে শেষ চেষ্টা করার জন্য।
দীপকের আজকের ব্যবহারে শুভার মাথাটা যেন কেমন এলোমেলো হয়ে গেল। যে বাড়ির কেউই তাকে সহ্য করতে পারে না। তাদের একটা উপকারের আশায় সে বসে থাকবে? সেকি এতই নীচ, হেয়, তার কি কিছুই নেই। যদি নাই থাকে তবে বৃথা আশায় কেন এখানে আসা! সত্যিই তো বিয়ের জন ̈ সে কেন বোনের বাড়িতে পড়ে থাকবে? হঠাৎ ঘড়ির দিকে চোখ পড়লো শুভার, এখনো দেড় ঘন্টা সময় আছে টেধন আসবার। চোখের কোণে দু’ফোঁটা জল জমেছিল তা-মুছে ফেলে, শাড়ি পাল্টে ব্যগটা হাতে করে উঠানে এসে দাঁড়ালো।
কমলা বুঝতে পেরে চোখ মুছতে মুছতে কাছে এসে বললো: দিদি বাড়ি যাচ্ছো? শেষের কথাটা কান্নায় ঝাপসা হয়ে গেলো। শুভা হাসির ভান করে কমলার মাথায় হাত দিয়ে বলল: হ্যাঁ রে বাড়ী যাচ্ছি, দুঃখ করিসনে! এটা তোর দিদির প্রাপ্য ছিল?