কি ঘটবে ‘টাইগার জিন্দা হ্যায়’ ভাগ্যে?




এ বছরে শাহরুখ, আমির বা সালমান কারও ভাগ্যের শিকেই ছিঁড়েনি। তবে শেষ মুহুর্তে এসে হাসি ফিরেছে সালমানের মুখে। ধারণা করা হচ্ছে মুক্তির তিন দিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে যাবে এই সিনেমাটি। তবে তাতেও সন্দেহ থেকে যাচ্ছে।
শোনা যাচ্ছে, ছবি মুক্তির দিন ছবির প্রচারে গিয়ে নায়ক সালমান খান ও অভিনেত্রী শিল্পা শেঠী একটি সম্প্রদায় সম্পর্কে ‘আপত্তিকর’ শব্দ ব্যবহার করেছেন। এ খবর আসতেই বিক্ষোভ ছড়ায়। যার জেরে রাজস্থানের একাংশে ‘সুপার ফ্লপ’ ‘টাইগার জিন্দা হ্যায়’।
সম্প্রতি একটি টিভির অনুষ্ঠানে তফসিলি জাতি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন তাঁরা। দিল্লির সাফাই কর্মচারী কমিশনের চেয়ারম্যান হারনাম সিংহ ‘জাতীয় তফসিলি জাতি ও উপজাতি কমিশন’ (এনসিএসসি)-এ অভিযোগ দায়ের করেন, ওই শো-তে গিয়ে বাল্মিকী সম্প্রদায়ের মানুষদের সম্পর্কে ‘আপত্তিকর’ ভাষায় কথা বলেন, ‘অপমান’ করেন সালমান-শিল্পা।
এর আগে, জুন মাসে মুক্তি পাওয়া সালমানের ‘টিউবলাইট’ টিমটিমে আলো ছড়িয়েই নিভে যায়। আলোচিত এই ছবি পরিবেশকদের ঝুলিতে তেমন পয়সাকড়ি ঢালতে পারেনি। শেষমেশ ‘ভাইজান’ সালমানকে গুনতে হয় মোটা অঙ্কের ক্ষতিপূরণ। আর এবার ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির মাধ্যমে নিজের রেকর্ড ভেঙেছেন সালমান নিজেই। ২০১৫ সালে মুক্তি পাওয়া তাঁর অভিনীত ‘প্রেম রতন ধন পায়ো’ মুক্তির প্রথম দিনে ভারতে আয় করে ৩৫ কোটি রুপি, সেখানে সালমানের নতুন ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তির প্রথম দিনে এর থেকে এক কোটি রুপি বেশি আয় করেছে। এখন দেখা যায় এত বিতর্কের মধ্যে কতদূর যেতে পারেন সালমান।