বেড়েছে স্বর্ণের দাম




আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে তেজিভাব দেখা দিয়েছে। গতকাল পণ্যটির দাম আগের দিনের তুলনায় কমলেও দুই সপ্তাহের সর্বোচ্চের কাছাকাছি অবস্থান করছে।
মূলত মার্কিন সিনেট কর সংস্কার বিল অনুমোদন দেয়ায় ডলারের বিনিময় মূল্য দুর্বল হয়েছে। এর জের ধরে স্বর্ণের বাজারে তেজিভাব দেখা দিয়েছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে গতকাল দিন শেষে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয় ১ হাজার ২ ৬৭ ডলার ৮ সেন্টে, যা আগের দিনের তুলনায় ১ ডলার ৮৩ সেন্ট কম। আগের দিন প্রতি আউন্স স্বর্ণের দাম ৬ ডিসেম্বরের পর সর্বোচ্চে উঠেছিল।
এদিন প্রতি আউন্স স্বর্ণ ১ হাজার ২৬৮ ডলার ৯১ সেন্টে বিক্রি হয়েছিল। এর আগে ১২ ডিসেম্বর স্বর্ণের দাম চলতি মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে যায়। ওইদিন পণ্যটি আউন্সপ্রতি ১ হাজার ২৪১ দশমিক ৭০ ডলারে লেনদেন হয়েছিল। তবে চলতি বছরে এ পর্যন্ত স্বর্ণের দাম ১০ শতাংশের বেশি বেড়েছে।
গত সেপ্টেম্বর পণ্যটির দাম ১ হাজার ৩০০ ডলার ছাড়িয়ে যায়। ওই সময়ে স্বর্ণের দাম আউন্সপ্রতি ১ হাজার ৪০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছিল। তবে পরবর্তী সময়ে দাম বৃদ্ধির বদলে উল্টো স্বর্ণের বাজারে দরপতন দেখা যায়। চলতি বছরের শেষ তিন মাসে পণ্যটির দাম এক দশকের মধ্যে সবচেয়ে সংকীর্ণ পরিসরে ওঠানামা করেছে।
মার্কিন কর সংস্কার নিয়ে এখন পর্যন্ত স্বর্ণের বাজারের প্রতিক্রিয়া মিশ্র। অনেক বাজার বিশ্লেষক মনে করছেন, এ সংস্কারের ফলে যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি বাড়তে পারে। এতে ফেডারেল রিজার্ভ সুদহার বৃদ্ধির উদ্যোগ নিলে আগামী দিনগুলোয় স্বর্ণের বাজার দরপতনের মুখে পড়তে পারে।
এদিকে গতকাল ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে রুপার দাম দশমিক ৫ শতাংশ বেড়েছে। দিনশেষে পণ্যটি আউন্সপ্রতি ১৬ ডলার ১৭ সেন্টে বেচাকেনা হয়। এদিকে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্লাটিনামের দাম আগের দিনের তুলনায় দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৯১১ দশমিক ৫০ ডলারে বেচাকেনা হয়।