উত্তর কোরিয়া জাতিসংঘের পক্ষ থেকে সর্বশেষ নিষেধাজ্ঞাকে “যুদ্ধ ঘোষণার শামিল” বলে অভিহিত করেছে । দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই পদক্ষেপ পুরোপুরিভাবে অর্থনৈতিক অবরোধের সমতুল্য।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘উত্তর কোরিয়ার শক্তি বৃদ্ধিই যুক্তরাষ্ট্রকে হতাশ করার একমাত্র উপায়’।
পিয়ংইয়ং এর ব্যালিস্টিক মিসাইল টেস্টের প্রতিক্রিয়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নতুন এ নিষেধাজ্ঞা আরোপ করে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে অতীতের তুলনায় আরও কঠোর নিষেধাজ্ঞার প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনা হয় এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে পাশ হয় ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জাতিসংঘের সর্বশেষ নিষেধাজ্ঞাকে বলা হয়েছে “প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে এবং ‘যুদ্ধ ঘোষণার শামিল’ যা কোরীয় উপদ্বীপ ও বৃহত্তর আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ধ্বংস করছে”।
এতে আরও বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র সম্পূর্ণভাবে ভীত এবং উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি সম্পূর্ণ করা-ই এর ঐতিহাসিক কারণ । যুক্তরাষ্ট্র আরও বেশি উন্মত্ত হয়ে উঠছে এবং একের পর এক কঠোর নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগের জন্য পদক্ষেপ নিচ্ছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
