লেখক: কাজী মনির
দেখতে দেখতে দুই মাস কেটে গেল! দীপকের অনার্স পরীক্ষা ছিল, আজ পরীক্ষা শেষ। এর মাঝে দীপক সতীশদার বাড়ী গিয়েছিল একদিন। কিন্তু বাড়ীর কেউ তাকে চেনে এমন ভাবটাও দেখায়নি, চাকরটাকেও কেমন কেমন যেন ফাঁকে ফাঁকে চলতে দেখেছিল। বৌদি কাজে ব্যস্ত ছিল, আগে দীপকের আসার কথা শুনলে কাজ ফেলে ছুটে আসতো: কেমন আছো ঠাকুরপো? মুখে হাসি নিয়ে কত কথা বলতো। অথচ সেদিন কেউ এসেছে ভেবে দেখার জন্য চোখ তুলে চাইলোও না!
শেষ পর্যন্ত নিজেই বৌদির কাছে গিয়ে, বৌদি বলে ডাকতেই মহাকেলেংকারী। বৌদি চিৎকার দিয়ে বলেছিল: দীপক আমার বাবার চোখের পর্দা, অভাবের জ্বালায় এখনও বেঁচে খায়নি যে, দিদিকে আবার এখানে পাঠাবে, আর তুমি সেটা দেখতে আসবে।
দীপক বৌদির কথায় আহত স্বরে বল্ল: বৌদি তুমি……। কথার মাঝেই বৌদি বলে উঠলো: আমি তো থাকবোই কারণ আমি হলাম এ বাড়ীর কেনা বাঁদী। না হলে আমিও চলে যেতাম।
ঘটনা মোটেই সুখকর নয় ভেবে জ্যাঠাইমার পাওনা পাওয়ার আগেই ঠোঁটে দাঁত চেপে চলে এসেছিল। যখন ওদের জন্য মনটা বড় অস্থির হয়ে যেত, চলে যেত দুলালের স্কুলে। দুলালকে জড়িয়ে ধরে কোলে করে সন্দেশ খাওয়াতে খাওয়াতে জিজ্ঞাসা করতো: তোমার দিদি ঠাকুরুন কেমন আছেন, তোমার মার শরীর ভালো আছে তো? তোমার মা আমার কথা বলে কি না। এরকম হাজার কথা? ছোট্ট ছেলে দুলাল শুধু হাঁ হু করতো। আর তাতেই যেন মনটা অনেক শান্তি পেত দীপকের।
দুলাল জানতে চাইতো: কাকু, তুমি এখন আমাদের বাড়ী যাওনা কেন? জানো কাকু, মাসিমা না কাউকে না বলে কোথায় যেন চলে গেছে।
শুভার কথা বলতেই দীপকের বুকের ভিতরটা যেন মোচড় দিয়ে উঠতো। তাড়াতাড়ি দুলালের কথা থামিয়ে দিয়ে বলতো: যাও তোমার ক্লাস শুরু হয়ে গেছে এবং নিজেই সেখান থেকে চলে আসতো।
পরীক্ষার শেষে কেমন যেন মনটা অস্থির হয়ে উঠলো দীপকের। বৌদি, জ্যাঠাইমা, ওদের কতদিন দেখেনি। আর শুভা, কথাটা যখনই মনে হয় তখনই যেন বুকটা ধড়াক ধড়াক করে ওঠে। অস্থির হয়ে যায় মনটা! পা-পা করে নিজের অজান্তেই কখন যে সতীশদার বাড়ীর একেবারে কাছাকাছি চলে এসেছে। ক’দিনেই যেন এই বাড়ীটা অনেক অচেনা! গেটের কাছে এসে কি ভেবে ফিরে গেল। ঐ বাড়ীতে শুভা নেই, কার সাথে কথা বলবে!
আজ দুই মাস হল কোন খবরই তার জানা হয়নি। শুভা কেমন আছে? প্রশ্নটা মনে জাগতেই দীপক আঁৎকে উঠলো। সর্বনাশ করেছে সে। শুভার চরিত্র আর স্বভাব তার ভালভাবেই জানা আছে। সেদিন যেভাবে তাকে অপমান করে বাড়ী থেকে চলে যেতে বাধ্য করেছিল, তাতে সে কোন অঘটন ঘটাতে পারে তা দীপকের মাথায়ই আসেনি। অজানা একটা আশংকা তার মনকে ঘিরে ফেলল- নিশ্চয় এই অপমান মাথায় করে সে আজও বেঁচে নেই।
অস্থির হয়ে পড়লো দীপক। কেন এমন হয়ে গেল!! সে তো শুভাকে ভালোবাসে, তার ভাল চায়। হোক না সে ডাক্তার। তাই বলে একটা পঙ্গুর সাথে তার বিয়ে হবে! একটা বোঝার মত শুভাকে ঘাড় থেকে নামাতে হবে?এতোটা পচে যায়নি শুভা। এটা সে চায়নি বলেই তো সেদিন বাড়ী থেকে তাড়াবার জন্যই ঐ কৌশল অবলম্বন করেছিল, এমনভাবে অপমান না করলে শুভাকে বাড়ী থেকে তাড়ানো যেত না। আর ঐ ডাক্তারের সাথেই তার বিয়ে হয়ে যেত!
সত্যি সত্যি সে তো শুভাকে অমন কথা বলেনি, তাকে যে চড়টা মেরেছিলো তাতে শুভা যতটা না কষ্ট পেয়েছে তার ছেয়ে কোটি ̧ণ বেশি কষ্ট তো সে নিজে পেয়েছে! কিন্তু তার মনের কথা তার ব্যথা কি শুভা বুঝতে পেরেছিল?
কি করে বুঝবে, সে তো তাকে কোনদিন মুখফুটে বলেনি যে-তোমাকে ভালোবাসি। তাহলে কি শুভা তাকে ভুল বুঝেছে ! না-না শুভা শিক্ষিতা মেয়ে, কোন অঘটন সে ঘটাতে পারে না!! অস্থিরভাবে চলতে চলতে সতীশদার বাসা ছেড়ে অনেক দুরে এসে পড়েছে। একটা দীর্ঘশ্বাস ফেলে দ্রুত বাড়ীর দিকে চলতে শুরু করলো। তখন সন্ধ্যা হতে বেশি বাকী নেই।
সারারাত বিছানায় ছটফট্ করেছে। রাতটা যেন কাটতে চাচ্ছে না। সকলেই তাকে ভুল বুঝলো। শুভাও বুঝলো না! কেন সেদিন তাকে অপমান করে বাড়ী থেকে তাড়িয়ে দিয়েছিল। অতীতের সকল সত্যকে মিথ্যা করে অপমানটুকু তার কাছে সত্য হ’ল?
বিয়ে তো সেদিন ঠিকই হয়ে যেত। ওই ছেলে তাকে বিয়ে করতে কোন আপত্তিই করতো না। শুভাও ডাক্তার ছেলে পেয়ে হয়তো ওসব চিন্তাই করতো না, কিন্তু তার কি হ’ত? প্রথম পরিচয়ের সাথে সে যে তাকে ভালবেসে ফেলেছে। শুভা কি তাকে ভালোবাসে না? নাই যদি বাসতো তাহলে কেন বলতো: “তুমি যদি আমার কেউ হতে তাহলে তোমাকে মাথায় করে রাখতাম”। মেয়ে মানুষ এর বেশি কিইবা বলতে পারে। আজও কি সে ভালবাসে!
কোন খোঁজই তো সে করেনি তার। নিজেকেই বড় করে দেখলো! পরীক্ষার সময় একবার খোজও নেয়নি। অবশ্য তার নিজেরও ভুল হয়ে গেছে বাড়ীতে ফিরায়ে দেওয়ার পর মাঝে মাঝে শুভার খোঁজটা নেওয়া উচিৎ ছিল। মনটা হঠাৎ করে চঞ্চল হয়ে উঠলো। ঘড়ির দিকে চেয়ে দেখলো ট্রেনের সময় আছে অনেক, তড়াক করে উঠে পড়লো বিছানা ছেড়ে।
এছাড়াও পড়ুন;
অগোচরে সমাধি (পর্ব ১)
অগোচরে সমাধি (পর্ব ২)
বন্দিনীর চিৎকার (পর্ব ৩)
বন্দিনীর চিৎকার (পর্ব ২)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৯)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৮)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৭)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৬)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৫)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৪)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৩)
একটি ফুলের মৃত্যু (পর্ব ২)
