বাংলাদেশের সাফল্য গাঁঁথায় প্রথম ভারত বধ




২৬ ডিসেম্বর, ২০০৪। ১০০ তম ওডিআইতে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় একদিনের খেলায় ভারতের মুখমুখি বাংলাদেশ। প্রথম ম্যাচে ৯১ রানে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে খেলতে নামে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে জয়ের কোনো বিকল্প ছিল না টাইগারদের।
এখনকার বাংলাদেশের সাথে সেকালের বাংলাদেশের ছিল আকাশ পাতাল পার্থক্য। আজ প্রতিটি ম্যাচেই জয়ের জন্য মাঠে নামে লাল-সবুজ জার্সিধারীরা। আর তখন খেলতে হয় খেলত, ভাল খেলাই ছিল মূল লক্ষ্য। আর এই ভাল খেলা কখনো কখনো জন্ম দিতে অঘটনের। দর্শক-সমর্থকরাও ম্যাচের পর ম্যাচ অপেক্ষায় থাকতো, কারো অতিমানবীয় পারফরম্যান্স একটি জয় এনে দেয়! ২০০৪ সালের আজকের এই দিনে এমনই এক ইতিহাস রচিত হয়েছিল।
সে সময় বাংলাদেশের ভারতকে হারানো ক্রিকেটীয় ভাষায় অঘটনের জন্ম দেয়। আর এই অঘটনের নেতৃত্বে ছিলেন মাশরাফি বিন মুর্তজা, হাবিবুল বাশার, খালেদ মাহমুদ সুজন, আফতাব আহমেদরা।
সেদিন প্রথমে ব্যাট করে বাংলাদেশ। অবাক করেই নাফিস ইকবালের সাথে উদ্বোধনী জুটিতে নামানো হয় মোহাম্মদ রফিককে। তবে সুবিধা করতে পারেনি রফিক। ০ রানে জহির খানের বলে লীগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন তিনি। এরপর এক এক করে আউট হন নাফিস ইকবাল (৯), হাবিবুল বাশার (১৭), মোহাম্মদ আশরাফুল (২৮), রাজিন সালেহ (০)। বাংলাদেশের স্কোর তখন ৮৮ রানে ৫ উইকেট।
একপ্রান্ত আগলে ধরে লড়াই চালিয়ে যান আফতাব আহমেদ। তাঁকে সঙ্গ দেন খালেদ মাসুদ (২০), খালেদ মাহমুদ (১৭) রা। আফতাব যখন আউট হন তখন দলের স্কোর ১৬৮ রানে ৭ উইকেট। ৯৮ বলে ৬৭ রান করে দলের সর্বোচ্চ করে মুরালি কার্তিকের বলে বোল্ড হন তিনি।
এরপর মাশরাফির ৩১ ও তাপস বৈশ’র ১৭ রানে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৯ রান তোলে বাংলাদেশ। ভারতের পক্ষে জহির খান, অজিত আগারকার ও মুরালি কার্তিক দু’টি করে এবং শ্রীরাম একটি উইকেট তুলে নেন।
২৩০ রানের লক্ষ্যকে শুরুতেই কঠিন করেন মাশরাফি বিন মুর্তজা। ভারতের ইনিংসের তৃতীয় বলেই ০ রানে বোল্ড করে ফেরান বীরেন্দর শেবাগকে। এরপর যুবরাজ সিংকে ৪ রানে তাপস বৈশ ও সৌরভ গাঙ্গুলীকে ২২ রানে ফেরান খালেদ মাহমুদ। তখন ভারতের সংগ্ৰহ ৩ উইকেট হারিয়ে ৫১ রান।
শ্রীরাম ও মোহাম্মদ কাইফের জুটি এরপর থেকেই ছড়ি ঘুরাতে থাকে বাংলাদেশের বোলারদের উপর। ক্যারিয়ারে প্রথম অর্ধশতক করে রফিকের ঘূর্ণিতে স্ট্যাম্পিং হয়ে দলীয় ১১৪ রানে ৫৭ রান করে ফেরেন শ্রীরাম। দীনেশ মঙ্গীয়াকে ১৮ রানে তাপস, ধোনিকে ১১ রানে মাশরাফি, রাজিন সালেহ’র সরাসরি থ্রোতে ৪৯ করে আউট মোহাম্মদ কাইফ। রফিকেট ঘূর্ণিতে ৯ রানে আগারকার ও ১০ রানে খালেদ মাহমুদের বলে ফেরেন জহির খান। ভারতের স্কোর বোর্ডে তখন ২০৪ রান, নেই ৯ উইকেট। জিততে হলে ২৫ রসুন করতে হবে ভারতকে।
ভারতের যখন ২১৪ রান, সেসময় আফতাব আহমেদের সরাসরি থ্রো স্ট্যাম্প ভাঙলে আউট মুরালি কার্তিক। সেই সাথ ১০০ তম একদিনের ম্যাচে ১৫ রানের ঐতিহাসিক এক জয়ের মাধ্যমে বাংলাদেশ প্রথমবার ভারতকে হারানোর সাধ পায়। এবং বিশ্বের বুকে নিজেদের শক্তি জানানোর প্রথম উপলক্ষ্য খুঁজে নেয়।
এ ম্যাচে বাংলাদেশের হয়ে মাশরাফি, রফিক, তাপস, খালেদ মাহমুদ দুইটি করে উইকেট নেন। ব্যাট হাতে ৩১ রান ও বল হাতে দুই উইকেট নিয়ে ম্যাচ সেরা মাশরাফি বিন মুর্তজা।