দীর্ঘ ছয় বছর পর আবারও পরিচালনায় ফিরলেন নির্মাতা তানিন রহমান। ‘থ্রি স্কয়ার’ নামক টেলিফিল্মটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, জোভান, শামীম হাসান সরকার, ঈশিকা খান এবং শখ। ক্রেইভ এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় টেলিফিল্মটি রচনা করেছেন তানিন রহমান নিজেই।
গল্পে দেখা যায় শামীম ভালোবাসে নীলাকে, কিন্তু বলতে পারে না নিজের মনের কথা। আবার ভালোবাসার এই গল্প বন্ধুদের সামনে বারবার বলে আর তা শুনতে শুনতে সকলেই ক্লান্ত। এক সময় সোহান প্ল্যান করে কিছু একটা করতে হবে যাতে করে শামীমের মাথা থেকে নীলা নামের ভূত দূর হয়। তবে ওঝা হতে হবে ইরফানকে। আর এভাবেই শুরু হয় মিশন নীলা।
অন্যদিকে নীলার সাথে সোহানের সম্পর্ক স্বাভাবিক গতিতে এগুতে থাকে। একটা পর্যায়ে এসে নীলা ও সোমা দুজনকে ঘিরে এই তিন বন্ধুর মাঝে তৈরি হয় মনোমালিন্য আর ছিটকে পড়া। কোনো একদিন শামীম ফোন করে ইরফানকে জানায় একটা বিয়ের সংবাদ।
টেলিফিল্মটি ২৮ ডিসেম্বর সন্ধ্যা ৭.৩০ মিনিটে মাছরাঙ্গা চ্যানেলে প্রচারিত হবে জানিয়েছে নির্মাতা। উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০১১ সালে ‘অন্তর্লোকে’ নাটক নির্মাণ করেছিলেন তানিন রহমান।
