উত্তরপ্রদেশের লালা লাজপত রায় মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামের স্টেজে নাচছেন এক রুশ নর্তকী! আর চিকিৎসার বসলে রাশিয়ান বেলি ডান্স দেখছেন হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা! তাদের জন্য রয়েছে অ্যাম্বুলেন্স ভর্তি মদের বোতল।
গত সোমবার বিকেলে উত্তরপ্রদেশের ওই হাসপাতালের ‘অ্যালামনি মিট’-এ এই ঘটনা ঘটেছে।
এ ঘটনা নিয়ে হই চই পড়ে গিয়েছে গোটা উত্তরপ্রদেশে। আর সেই মদের বোতলে ভরা অ্যাম্বুলেন্স ও হাসপাতালের অডিটোরিয়ামের স্টেজে রুশ নর্তকীর বেলি ডান্সের ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এতে দৃশ্যতই অপ্রস্তুত হয়ে পড়েছে উত্তরপ্রদেশ সরকার। এলএলআরএম মেরঠের ঐতিহ্যবাহী মেডিক্যাল প্রতিষ্ঠান। তাই মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে তড়িঘড়ি তদন্ত ও কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। কলেজ কর্তৃপক্ষ তো তদন্ত শুরু করেইছেন, আলাদা ভাবে ওই ঘটনার তদন্ত শুরু হয়েছে সরকারি স্তরেও।
এ বিষয়ে প্রিন্সিপাল বিনয় আগারওয়াল বলেছেন, ‘এমন ঘটনার কথা আমি জানতাম না। আমি এও জানি না, আয়োজকরা অ্যাম্বুল্যান্সটি হাসপাতাল থেকে নিয়েছিলেন নাকি বাইরে থেকে কোনও বেসরকারি অ্যাম্বুল্যান্স তাঁরা ভাড়া করে এনেছিলেন।’
এদিকে উত্তরপ্রদেশ সরকারের মেডিক্যাল শিক্ষা দফতরের ডিরেক্টর জেনারেল চিকিৎসক কে কে গুপ্তা বলেছেন, ‘‘আমি অবাক হয়ে গিয়েছি। তদন্তের নির্দেশ দিয়েছি। আমি ওই মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের কাছে যত তাড়াতাড়ি সম্ভব জবাবদিহি চেয়েছি। ’
এছাড়া ওই প্রিন্সিপালের বিচারও দাবী করেছেন তিনি।
