আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিককে ১৫ দিনের রিমান্ডে নিয়েছে মিয়ানমার পুলিশ। বুধবার তাদের আদালতে তোলা হলে এ রিমান্ড মঞ্জুর করা হয়।
আটক হবার পর এই দুই সাংবাদিককে প্রথমবারের মতো জনসমক্ষে আনা হলো।
রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর সেনাবাহিনীর নির্যাতন নিয়ে সংবাদ সংগ্রহের তারা কিছু দলিল জোগাড় করেছিলেন। পরবর্তীতে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে অফিসিয়াল সিক্রেটস আইনে তাদের গ্রেফতার করা হয়। তারা দু’জনই মিয়ানমারের নাগরিক।
জানা গেছে ইয়াংগন শহরের উপকণ্ঠে পুলিশের নিমন্ত্রণে রাতের খাবার আয়োজন করে তাদের ডেকে নেয়া হয়। এরপর তাদের আটক করা হয়।
বুধবার আদালতে হাজির করানোর পর সাংবাদিকদের পরিবারের সদস্যরা তাদের জড়িয়ে ধরে কান্না করে। তাদের আটকের পর পরিবারের সদস্যদের দেখা করতে দেয়া হয়নি।
আটককৃত সাংবাদিকদের একজন বলেন, অন্য সাংবাদিকদের সাবধানী হতে বলুন। এটা সত্যিই ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমরা কোন ভুল করিনি। গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দু’জন পুলিশ কর্মকর্তাকেও আটক করা হয়েছিল। তবে তাদের আদালতে উপস্থাপন করা হয়নি।
এদিকে রয়টার্স বলছে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে তাদের প্রতিনিধিরা কোন ভুল করেনি।
