জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় চতুর্থ দিনের মতো যুক্তি-তর্ক উপস্থাপন শেষে মামলা থেকে খালেদা জিয়াকে খালাস দিতে আবেদন করেন তাঁর প্রধান আইনজীবী আবদুর রেজাক খান।
বেলা ১১টা ১৪ মিনিটে খালেদা জিয়া আদালতে আসেন। মাঝখানে ১৫ মিনিটের বিরতি দিয়ে বেলা দুইটা পর্যন্ত রাজধানীর পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত ৫–এর বিচারক আখতারুজ্জামান এ শুনানি গ্রহণ করেন।
যুক্তি-তর্ক উপস্থাপনে রেজাক খান বলেন, রাষ্ট্রপক্ষ খালেদা জিয়ার বিরুদ্ধ অভিযোগ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
খালেদা জিয়ার অপর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন যুক্তিতর্ক উপস্থাপন শেষে বলেন, এটি একটি রাজনৈতিক মামলা। খালেদা জিয়াকে চোর বানানোই এ মামলার উদ্দেশ্য।আগামীকালও তিনি যুক্তিতর্ক উপস্থাপন করবেন।
রেজাক খান আদালতকে বলেন, সেনাসমর্থিত সরকারের সময় এ মামলা হয়। এ সরকারের আমলেও তাঁর বিরুদ্ধে অনেক মামলা দেওয়া হয়েছে। মামলার ভারে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ব্যাহত হচ্ছে। তিনি আরও বলেন, খালেদা জিয়াকে জনসমক্ষে হেয় করার জন্য মানহানিকর বক্তব্য দিয়ে যাচ্ছে ক্ষমতাসীনরা, যা বিচারের ওপর হস্তক্ষেপের শামিল।
খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থন করে আদালতে যে বক্তব্য দিয়েছিলেন, তা আদালতকে আজকেও পড়ে শোনান রেজাক খান। পরে রেজাক খান সাংবাদিকদের বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা মামলা। খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষ্যপ্রমাণ নেই।
এতিমদের জন্য বিদেশ থেকে জিয়া এতিমখানা ট্রাস্টে আসা অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এ মামলায় আত্মপক্ষ সমর্থনে মোট সাত দিন বক্তব্য দেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
গত ৫ ডিসেম্বর তার বক্তব্য শেষ হলে বিচারক যুক্তিতর্ক শুনানির দিন ঠিক করেন। যুক্তিতর্ক শুনানির শুরুর দিন ২০ ডিসেম্বর রাষ্ট্রপক্ষে যুক্তি তুলে ধরেছিলেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।
পরের কার্যদিবস থেকে আসামিপক্ষে যুক্তি তুলে ধরা শুরু হয়। মামলার প্রধান আসামি খালেদার পক্ষে আইনজীবী রেজাক খান ও খন্দকার মাহবুব হোসেন ছাড়াও তার আরও দুই আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের যুক্তি উপস্থাপন করার কথা রয়েছে।
আরও পড়ুন;
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জনসভামঞ্চে উঠেছেন খালেদা জিয়া
খালেদা জিয়ার আপিল আবেদন খারিজ
রোহিঙ্গাদের তাদের স্বদেশে ফেরাতে হবে: খালেদা জিয়া
